শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে রেলের ভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদ, মিলল ১৫ দিনের সময়
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৬)
বাংলাদেশ রেলওয়ে সিজিপিওয়াই শাখা লাইন ফৌজদারহাট উত্তর কাট্টলীর ১১নং ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘ যুগ ধরে দখল হয়ে থাকা রেলওয়ের মালিকানাধীন সম্পত্তি উদ্ধারে অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে মানবিক দিক বিবেচনা করে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের আরও ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।

জানা যায়, উত্তর কাট্টলীর ৬/৩ থেকে ৬/৪ কিলোমিটার এলাকার এই রেলভূমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের কবজায় ছিল। দখলদাররা বিভিন্ন স্থাপনা নির্মাণ করে নিজেদের জায়গা বলে দাবি করে আসলেও এর বিপরীতে সরকার কোনো রাজস্ব পাচ্ছিল না। বিষয়টি জানিয়ে গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় নাগরিক মো. নুরুল ইসলাম রেলওয়ের পূর্বাঞ্চলীয় বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার কার্যালয়ে লিখিত আবেদন করেন।

পরে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ ও বাণিজ্যিক বিভাগের প্রতিনিধিরা সরেজমিন পরিদর্শন করে গত ১০ জুন লিজ বা লাইসেন্স প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন। গত ৩০ জুনের নিলাম ডাকে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন মো. নুরুল ইসলাম। পরবর্তীতে সরকারি সকল পাওনা পরিশোধ করার পর গত ১০ সেপ্টেম্বর অবৈধ দখলদারদের নিজ দায়িত্বে ১৫ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়।

নির্ধারিত সময়ে দখলদাররা সরে না যাওয়ায় গত ৪ নভেম্বর বুধবার সকাল ১১টার দিকে রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ (পূর্বাঞ্চল)-এর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অবৈধ দখলদাররা নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ জানালে, অভিযানের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট মানবিক কারণে তাদের আরও ১৫ দিন সময় বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে পরবর্তীতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

রেলওয়ে সূত্রে অভিযোগ রয়েছে, দখলদাররা ভুয়া দলিল ও জালিয়াতির মাধ্যমে বিএস জরিপ খতিয়ান বা পর্চা তৈরি করে দীর্ঘদিন ধরে সরকারি এই সম্পত্তি ভোগদখল ও কেনাবেচা করে আসছিল, যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।

অভিযান প্রসঙ্গে বিভাগীয় রেলওয়ে ভূ-সম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী জানান, এগুলো রেলওয়ের নিজস্ব সম্পত্তি এবং নিয়মবহির্ভূতভাবে তা ভোগদখলের কোনো সুযোগ নেই। রেলের সম্পত্তি উদ্ধারে এই অভিযান চালানো হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সমস্ত রেলভূমির অবৈধ দখল উচ্ছেদ করা হবে।








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft