কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা ১১টার দিকে শহরের সিও অফিস চত্বর থেকে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহিনের সঞ্চালনায় এবং জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
বক্তব্যে এস এম সাইদুল ইসলাম কিসমত ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রাজনৈতিক প্রেক্ষাপট ও ৭ই নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, তৎকালীন সময়ে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল। ঐতিহাসিক এই দিনটি দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছিল এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্রক্ষমতায় আসীন করেছিল।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে একটি আধুনিক, স্বনির্ভর ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ করা হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ, সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন হাওলাদার, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সরদার কামরুজ্জামান চান, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তোহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীনসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আজকালের খবর/কাওছার আল হাবীব