শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
টেকনাফের সেই পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত: তিন লাশের গুঞ্জন নিয়ে পুলিশের সতর্কতা
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:০৮ পিএম  আপডেট: ০৬.১১.২০২৬ ১১:১০ পিএম  (ভিজিট : ৫)
কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির রেশ কাটতে না কাটতেই সেখানে তিনটি মরদেহ পড়ে থাকার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো কোনো আনুষ্ঠানিক বা নিশ্চিত তথ্য পায়নি।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফের রঙ্গীখালী এলাকার পাহাড়ি অঞ্চলে তিনটি লাশ পড়ে থাকার খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, এ ধরনের একটি তথ্য তাদের কাছে এলেও সেখানে আদতেই কোনো লাশ রয়েছে কি না বা থাকলে কতটি রয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন।

এছাড়া টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম লাশের বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন যে বর্তমানে সেখানে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানও গণমাধ্যমকে জানিয়েছেন, লাশের খবরটি তারা শুনেছেন এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর ওই অভিযানে সশস্ত্র মানবপাচারকারী দলের গুলিতে মো. তিতাস শেখ (২৮) নামের এক সেনা সদস্য নিহত হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছিল, প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রাখার খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান চালানো হয়েছিল।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft