শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
শ্রমিকদের জন্য গাজীপুরে ১০০ শয্যার হাসপাতাল, জানুয়ারিতে নতুন মজুরি কার্যকর: এমপি রনি
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:২৮ এএম   (ভিজিট : ১৫)
গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১০০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে পোশাকশিল্পের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করে জানুয়ারি থেকে তা কার্যকর করার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে গাজীপুর ক্লাবে গাজীপুর জেলা সম্মিলিত শিল্প ও শ্রমিক সংগঠনসমূহ আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন এবং শিল্প ও শ্রমিকদের দাবি, নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় করণীয় নিয়ে এ সভার আয়োজন করা হয়।

টানা কয়েক দিনের আন্দোলন ও অস্থিরতার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার গাজীপুরের শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেওয়ায় তাদের আন্তরিক ধন্যবাদ জানান এমপি রনি। তিনি বলেন, শ্রমিকেরা যেভাবে কাজে ফিরেছেন, তা অত্যন্ত ইতিবাচক। শিল্পের স্বার্থে উৎপাদন কার্যক্রম যেকোনো মূল্যে সচল রাখতে হবে। মনে রাখতে হবে, শ্রমিকদের কর্মস্থল কারখানা, রাজপথ নয়। কারখানা সচল থাকলেই শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে শ্রমিকদের কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষিত থাকবে।

শ্রমিক অসন্তোষের আড়ালে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংসদ সদস্য বলেন, গার্মেন্টসশিল্পের চলমান যৌক্তিক আন্দোলনে নিষিদ্ধ সংগঠনের লোকজন ঢুকে পড়েছে। তারা সাধারণ সরল-সোজা শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে শিল্পাঞ্চলে নৈরাজ্য, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক ঘটনা ঘটাচ্ছে। এর মূল উদ্দেশ্য বর্তমান সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। প্রকৃত সাধারণ শ্রমিকেরা কখনোই ভাঙচুর ও অগ্নিসংযোগ চান না। একটি সুনির্দিষ্ট স্বার্থান্বেষী মহল  দেশের ওপার থেকে উসকানি দিয়ে এ অপচেষ্টা চালাচ্ছে।

শ্রমিকদের উদ্দেশে রনি বলেন, কোনো ধরনের উসকানি বা প্ররোচনায় পড়ে নিজেদের রুটি-রুজির ক্ষেত্র এই শিল্পকারখানার ক্ষতি করা যাবে না। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব এবং সরকার সব সময় তাদের যৌক্তিক দাবির পক্ষে রয়েছে। শিল্পকারখানা শুধু মালিকদের নয়, এটি শ্রমিকদেরও সম্পদ। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই শিল্পকে রক্ষা করতে হবে।

নতুন মজুরি কাঠামোর বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, মজুরি বোর্ডের নীতিনির্ধারকেরা ইতিমধ্যে আশ্বস্ত করেছেন, ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। জানুয়ারি থেকেই শ্রমিকেরা সেই নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন। এর পাশাপাশি শ্রমিকদের অন্যান্য সামাজিক ও যৌক্তিক দাবিগুলোও সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করা হবে।

তৈরি পোশাকশিল্পকে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে রনি বলেন, এই শিল্পের সঙ্গে লাখ লাখ মানুষের কর্মসংস্থান ও দেশের ভাগ্য জড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে তৈরি পোশাকশিল্পের সূচনা করেছিলেন। তার ওই সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান  পোশাক শিল্প ও শ্রমিকদের উন্নয়ন-কল্যাণে কাজ করছেন। পোশাকশিল্প ও শ্রমিকদের প্রতি উনার মায়া মমতা আন্তরিকতা সবচেয়ে বেশি।  তাই ঐতিহাসিক এই শিল্পকে টিকিয়ে রাখা ও রক্ষা করা আমাদের সবার জাতীয় দায়িত্ব। কোনো ধরনের নাশকতা বা বহিরাগত উসকানিতে শিল্পের ক্ষতি হতে দেওয়া যাবে না।

শ্রমিকদের আবাসন ও সুযোগ-সুবিধার বিষয়ে তিনি আরও জানান, অত্যন্ত স্বল্প ব্যয়ে শ্রমিকদের উন্নত আবাসনের ব্যবস্থা করতে মেগা উদ্যোগ নিয়েছে সরকার। গাজীপুরে পোশাকশ্রমিকদের জন্য একটি আধুনিক ‘শ্রমিক ভবন’ নির্মাণের দাবিও সরকারের সর্বোচ্চ পর্যায়ে জোরালোভাবে তুলে ধরবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

বর্তমান সরকারের সীমাবদ্ধতা ও লক্ষ্য তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারবিরোধী তীব্র আন্দোলন-সংগ্রামের পর এই সরকার দায়িত্ব নিয়েছে। বর্তমান সরকারের বয়স মাত্র আট মাস। ধ্বংস হয়ে যাওয়া সব খাত ও প্রতিষ্ঠান গুছিয়ে নিতে কিছুটা সময়ের প্রয়োজন। তাই শ্রমিক ভাই-বোনদের একটু ধৈর্য ধরতে হবে। সরকার তাদের কর্মপরিবেশ, সর্বোচ্চ নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।
গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিশিষ্ট শ্রমিক নেতা তমিজ উদ্দিন তনু, শফিউল আলম, আজিজুল ইসলাম, আমজাদ হোসেন, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস এবং বিএনপি নেতা আহমদ আলী রুশদী, টঙ্গী থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন  প্রমুখ।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাসিকের সাবেক প্যানেল মেয়র হাসান আজমল ভূঁইয়া, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি একেএম মোফাজ্জল হোসেন ও জয়নাল আবেদীন তালুকদার, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, মহানগর যুবদলের সদস্যসচিব মাহমুদ হাসান রাজু, সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল এবং মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরসহ বিভিন্ন স্তরের শ্রমিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft