
লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামে বসতঘরে হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। পরে স্থানীয় একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দক্ষিণ হামছাদী ইউনিয়নের মৃত ফজল করিমের স্ত্রী মানিক জাহান, ছেলে মো. মাসুম, মেয়ে মুক্তা আক্তার ও মেঝো ভাই মো. মিজান অভিযোগ করেন, ফজল করিম জীবিত থাকাকালে ১৫ শতাংশ জমি কিনে সেখানে পরিবার নিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। তাঁর মৃত্যুর পর একই এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান, আলী আহম্মদ এবং তাঁর ছেলে মো. ইউসুফ ও মো. রুবেল ওই সম্পত্তি দখলের চেষ্টা করছেন।
লিখিত বক্তব্যে তাঁরা আরও অভিযোগ করেন, জমি দখলের চেষ্টার প্রতিবাদ করায় গত ৩১ জুলাই ও ১২ আগস্ট গভীর রাতে ১৫০ থেকে ২০০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের বসতঘরে হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাঙচুর করে একটি ট্রাকে করে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়। পরে ওই জমিতে সুপারি ও নারকেলের চারা রোপণ করে দখলের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা।
পরিবারের দাবি, সম্পত্তি রক্ষায় বাধা দিতে গিয়ে মানিক জাহান ও তাঁর ছেলে মো. মাসুম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, এ ঘটনায় মামলা করেও তাঁরা ন্যায়বিচার পাননি। উল্টো তাঁদের বিরুদ্ধে সাতটি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। হামলা ও মামলার ভয়ে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং রাতেও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
এ সময় তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলা ও লুটপাটে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযোগের বিষয়ে আব্দুল হান্নান, আলী আহম্মদ এবং তাঁর ছেলে মো. ইউসুফ ও মো. রুবেলের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আজকালের খবর/কাওছার আল হাবীব