বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
পরকীয়ায় বাধা দেয়ায় প্রাণ গেল দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর, স্বামী আটক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ০)
মাদারীপুরের রাজৈরে পরকীয়া প্রেমে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজন মুন্সিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ইসলাম মাইসা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকার হাবিবুর রহমান সেজালের মেয়ে। অভিযুক্ত সুজন মুন্সি একই ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামের আব্দুর রব মুন্সির ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদি আরবপ্রবাসী সুজন মুন্সির সঙ্গে পারিবারিকভাবে জান্নাতুলের বিয়ে হয়। বিয়ের পর সুজন অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। একপর্যায়ে সুজন তাঁর স্ত্রীকে একাধিকবার মারধর করেন বলেও অভিযোগ রয়েছে।

স্বজনদের অভিযোগ, বুধবার বিকেলে পারিবারিক বিরোধের জেরে জান্নাতুলকে শ্বাসরোধে হত্যা করেন সুজন। পরে তাঁর মরদেহ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তিনি। সেখানে মরদেহ রেখে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। এ সময় নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে হাসপাতাল থেকে সুজনকে আটক করে পুলিশ।

নিহতের পরিবার জানিয়েছে, জান্নাতুল দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft