
মিথ্যা মামলায় জড়ানো, চাঁদাবাজির হুমকি এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন অহিদুল ইসলাম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অহিদুল ইসলাম দাবি করেন, একটি মামলায় তাঁকেসহ আরও কয়েকজনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে। মামলার ২ নম্বর থেকে ৭ নম্বর আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের বিবরণ, প্রত্যক্ষ সম্পৃক্ততা কিংবা বিশ্বাসযোগ্য অভিযোগের ভিত্তি নেই। হয়রানি ও মানসিক চাপ সৃষ্টির উদ্দেশ্যেই তাঁদের মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে ড. নাজমুল করিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ফোনে টাকা দাবি এবং টাকা না দিলে দেশের বিভিন্ন স্থানে এমনকি বিদেশেও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ তোলেন অহিদুল ইসলাম। একই সঙ্গে ওই ব্যক্তির চিকিৎসক পরিচয় ও পেশাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে তাঁর পরিচয়, যোগ্যতা এবং সংশ্লিষ্ট ঘটনায় ভূমিকা তদন্তের দাবি জানান তিনি।
নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে অহিদুল ইসলাম বলেন, জীবনে কখনো হবিগঞ্জে যাননি। অথচ তাঁকে এমন একটি মামলায় আসামি করা হয়েছে, যার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। কথিত অপরাধে তিনি কখন, কোথায় এবং কীভাবে জড়িত ছিলেন, তার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ কী—এমন প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, একজন নাগরিক হিসেবে তাঁর পরিবার, সামাজিক মর্যাদা ও সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। কিন্তু এ মামলার কারণে তিনি ও তাঁর পরিবার মানসিক উদ্বেগ, সামাজিক অপমান ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
সংবাদ সম্মেলন থেকে মামলার ২ নম্বর থেকে ৭ নম্বর আসামির বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তি নিরপেক্ষভাবে তদন্ত, ড. নাজমুল করিমের বিরুদ্ধে টাকা দাবি ও মামলা করার হুমকির অভিযোগ যাচাই এবং সংশ্লিষ্ট ফোনকল, কললিস্ট, অডিও রেকর্ডিং, মেসেজসহ ডিজিটাল তথ্যপ্রমাণ পরীক্ষা করার দাবি জানান অহিদুল ইসলাম। পাশাপাশি তিনি কখনো হবিগঞ্জে যাননি—তাঁর এ দাবিও যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করার আহ্বান জানান তিনি।
আজকালের খবর/কাওছার আল হাবীব