বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
ডিমলায় ৫০০ কৃষক পেলেন বোরো চাষের উপকরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম  আপডেট: ০৫.১১.২০২৬ ৫:৩৮ পিএম  (ভিজিট : ২)
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি এবং পিছিয়ে পড়া অঞ্চলের বৈষম্য দূরীকরণে কৃষক ও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ব্যাংকসহ দেশের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার জনতা ডিগ্রি কলেজ মাঠে ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে উচ্চফলনশীল বোরো ধানের জাত ব্রি ধান১০৩-এর বীজ ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এনসিসি ব্যাংক পিএলসির সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ কৃষি সহায়তা বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, উত্তরাঞ্চল, বিশেষ করে নীলফামারী ও রংপুর বিভাগ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও শিক্ষাগত বৈষম্যের শিকার। এ অঞ্চলকে মঙ্গাপীড়িত বা পিছিয়ে পড়া হিসেবে দেখার দিন শেষ করতে হবে। অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। এ জন্য এনসিসি ব্যাংকের মতো অন্যান্য বাণিজ্যিক ব্যাংককেও মেধাভিত্তিক বৃত্তি চালু এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সহায়তায় এগিয়ে আসতে হবে।

কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, এ অঞ্চল কৃষিনির্ভর। কৃষকের মুখে হাসি না ফুটলে জাতীয় অর্থনীতি কখনোই টেকসই হবে না। এনসিসি ব্যাংক দেড় থেকে দুই মাস ধরে প্রস্তুতি নিয়ে নিজস্ব অর্থায়নে কৃষকদের হাতে উন্নত জাতের বীজ ও কৃষি উপকরণ পৌঁছে দিয়েছে। এ উদ্যোগ প্রশংসনীয়। দেশের সব ব্যাংক এভাবে আঞ্চলিক বৈষম্য দূরীকরণ ও শ্রমজীবী মানুষের কল্যাণে এগিয়ে এলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। তিনি বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে সরকারের কৃষিনীতি বাস্তবায়নে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক দেশের ২০ থেকে ৩০টি উপজেলায় সরাসরি কৃষি সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। প্রান্তিক কৃষকদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান ও উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না।

এ সময় উপস্থিত ছিলেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম, বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, মহিলা দলের সাবেক কেন্দ্রীয় নেত্রী অধ্যাপিকা মোছা. সেতারা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোয়া রব্বানী প্রধানসহ এনসিসি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিকে সঙ্গে নিয়ে ৫০০ কৃষকের হাতে বোরো চাষের বিভিন্ন উপকরণ তুলে দেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft