শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
সড়ক উন্নয়ন কাজ বন্ধের পাঁয়তারা, এলাকাবাসীর তীব্র ক্ষোভ
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৬)
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘চর আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক মহাসড়ক’ (জেড-১৪০৫) উন্নয়ন প্রকল্প। তবে একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসা ও অসৎ উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ কাজটি বাধাগ্রস্ত করার পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ।

জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে লক্ষ্মীপুর সড়ক বিভাগের অধীন সড়কটির ২৯তম থেকে ৫৪তম কিলোমিটার পর্যন্ত যথাযথ মানে উন্নীতকরণ, আনুষঙ্গিক কাজ এবং একটি ৪০ মিটার আরসিসি বক্স কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নিয়ম মেনে ও সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সর্বনিম্ন দরদাতা হিসেবে যৌথভাবে ‘আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড’ ও ‘রিমি নির্মাণ লিমিটেড’ (জেভি) প্রায় ১৪৬ কোটি ৪৭ লাখ টাকার এই কাজ বাস্তবায়ন করছে।

তবে সম্প্রতি এই গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। রামদয়াল এলাকার পথচারী জামাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, লক্ষ্মীপুর থেকে কমলনগর-রামগতি হয়ে নোয়াখালী যাওয়ার এটিই একমাত্র প্রধান সড়ক। কিছু কুচক্রী মহল ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য এই উন্নয়ন কাজ বন্ধ করার ষড়যন্ত্র করছে। এ ধরনের চক্রান্ত অব্যাহত থাকলে এলাকাবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের প্রকৌশলী মো. সজিব জানান, সরকারি প্রাক্কলন ও নিয়ম অনুযায়ী সম্পূর্ণ সুচারুভাবে প্রকল্পের কাজ এগিয়ে চলছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, তিনি এই কাজের সঙ্গে জড়িত নন এবং কে বা কারা তাকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছে সে বিষয়ে তিনি অবগত নন।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা অবিলম্বে সকল ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধ করে লক্ষ্মীপুরের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ দ্রুত এবং নিরপেক্ষভাবে বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft