বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
চলাচলের পথ বন্ধ করায় আদমদীঘিতে চরম দুর্ভোগে এলাকাবাসী
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:০৯ পিএম  আপডেট: ০১.১০.২০২৬ ৬:১০ পিএম  (ভিজিট : ৮)
বগুড়ার আদমদীঘিতে কাঁটাতারের বেড়া দিয়ে প্রায় ২৮ বছরের একটি ব্যবহৃত চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে ওই পথ ব্যবহারকারী অন্তত ৪০টি পরিবারের প্রায় দুইশ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে প্রসূতি নারী, বয়স্ক, অসুস্থ রোগী ও শিক্ষার্থীরা যাতায়াতে মারাত্মক বাধার মুখে পড়েছেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় সংসদ সদস্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, আদমদীঘি সদর ইউনিয়নের তালশন মহল্লায় হাসপাতালের পূর্ব পাশে মূলত কৃষক ও দিনমজুর শ্রেণির মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে তারা একটি নির্দিষ্ট পথ দিয়ে নিয়মিত চলাচল করে আসছেন। গত ২৯ আগস্ট ভোরে আব্দুল হাকিমের ছেলেরা জিআই তারের বেড়া দিয়ে আকস্মিকভাবে পথটি সম্পূর্ণ বন্ধ করে দেন।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিপক্ষের কয়েকটি গাছ রাস্তার ওপর পড়ে থাকায় তা নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিল। অথচ তারা নিজেদের জায়গার ওপর দিয়ে কাউকে যাতায়াত করতে দেন না। ইতিপূর্বে প্রশাসনের উদ্যোগে সরকারি সার্ভেয়ার এমদাদুল হক ঘটনাস্থলে গিয়ে জায়গা মেপে রাস্তার স্থান নির্ধারণ ও গাছ অপসারণের নির্দেশ দিয়েছিলেন। সে সময় গাছ কাটার জন্য সময় নিয়ে পরবর্তীতে নানা অজুহাতে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়। একপর্যায়ে গত ২৯ আগস্ট ভোরে সম্পূর্ণ পথটিতে কাঁটাতারের বেড়া দিয়ে যাতায়াত চিরতরে বন্ধ করে দেওয়া হয়।

পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, এই পথ বন্ধ থাকায় এলাকার কারও মৃত্যু হলে মরদেহ কবরস্থানে নেওয়ার মতো স্বাভাবিক ব্যবস্থাও এখন আর নেই। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করেও কোনো সমাধান না পেয়ে, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভুক্তভোগীরা বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার জানান, ‘ভুক্তভোগীরা আমার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগটি ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হস্তান্তর করা হয়েছে। আশা করছি, খুব দ্রুতই এই সমস্যার আইনগত ও স্থায়ী সমাধান হবে।’


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft