ব্রাহ্মণবাড়িয়ায় ওজনে কারচুপির দায়ে আপেল মাহমুদ নামে এক মাছ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের আনন্দ বাজারের মাছের আড়তে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জেলা শহরের আনন্দবাজারে মাছের পাইকারি ও খুচরা আড়তে অভিযান পরিচালনাকালে দেখা যায় আপেল মাহমুদ নামে একজন ইলিশ মাছ বিক্রেতা তার কাছে থাকা ওজন পরিমাপক যন্ত্রটিতে বিশেষ ব্যবস্থায় কারচুপির মাধ্যমে ক্রেতাদের অলক্ষ্যে অত্যন্ত কৌশলে ওজনে কম দিচ্ছিলেন। ওজন পরিমাপক যন্ত্রের ভিতর মেশিনের সাথে একটি রাবার ও রশি দিয়ে সংযুক্ত করে অপরপ্রান্তে গামছার আড়ালে বিক্রেতার হাতের কাছে থাকত। এ অবস্থায় বিক্রেতা রশিটি টান ও ঢিল করার মাধ্যমে খুব সহজে ইচ্ছামত ওজন নিয়ন্ত্রণ করতো।
তিনি আরো জানান, পরে মাছ বিক্রেতা আপেল মাহমুদ তার দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় ও আপেল মাহমুদ ভবিষ্যতে এ রকম কারচুপি করবে না বলে স্বীকার করে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
আজকালের খবর/বিএস