সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ভবের বাজার ২নং ইনাতনগর এলাকায় একটি বন্ধ ঘর থেকে আসিয়া বেগম (৫৫) নামের এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে ঘরের ভেতর থেকে পচা গন্ধ ভেসে আসলে ঘটনাটি জানাজানি হয়। নিহত আসিয়া বেগম ওই এলাকার মৃত আব্দুল মালিকের স্ত্রী। তিনি একাই বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আসিয়া বেগমের একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তিনি একাই ওই ঘরে থাকতেন। সোমবার রাতে নিহতের দেবরপুত্র সুজাত ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে দরজায় জোরে ধাক্কা দেন। এতে দরজা সামান্য ফাঁক হলে ভেতরে পচাগলা দেহ দেখতে পান। তবে ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগানো ছিল। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
স্থানীয় বিশিষ্ট মুরুব্বি, কবি ও লেখক শাহ্ মাহফুজুল করিম জানান, খবর পেয়ে তিনি দ্রুত সেখানে যান। দরজায় তালা ঝুলছিল এবং তা যেন কোনোভাবে ফাঁক করা না যায়, সেজন্য তালা লাগানোর স্থানে কৌশলে একটি বাঁশের লাঠিও গুঁজে রাখা হয়েছিল।
নিহত আসিয়া বেগমের মেয়ে কল্পনার স্বামী দিলশাদ মিয়া অভিযোগ করে বলেন, "আমার শাশুড়ির কাছে চিকিৎসার জন্য রাখা প্রায় ৪০ হাজার টাকা ছিল। ধারণা করা হচ্ছে, এই টাকার লোভেই তাকে হত্যা করা হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু হলে বাইরে থেকে তালা দেওয়া সম্ভব হতো না, কারণ চাবি সবসময় তার কোমরেই ঝুলানো থাকত।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। দ্রুতই তদন্ত শেষ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের খবর/বিএস