বগুড়ার আদমদীঘির সান্তাহারে অনুমোদনহীন ও মানহীন খাবার ও টেস্টি স্যালাইন তৈরি এবং বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক ব্যবসায়ীকে জরিমানা এবং অপরজনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ স্যালাইন ও কেমিক্যাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
রোববার রাতে সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বগুড়া ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক জেসমিন বেগম উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, সান্তাহার পৌর শহরের উপহার টাওয়ারসংলগ্ন 'শ্রী কৃষ্ণ ভান্ডার' নামে একটি পাইকারি মুদির দোকানে দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও নন-ব্র্যান্ডেড টেস্টি স্যালাইন বিক্রি করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দুলাল দেবনাথকে (৫০) ৫ হাজার টাকা জরিমানা করেন এবং দোকান থেকে ৬৫ কার্টুন অবৈধ টেস্টি স্যালাইন জব্দ করে ধ্বংস করেন।
অন্যদিকে, সান্তাহারে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরি করে বাজারজাত করার দায়ে হামিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সাথে তার কারখানা থেকে ১১ কার্টুন তৈরি পণ্যসহ অন্যান্য মালামাল জব্দ করে ধ্বংস করা হয়।
ইউএনও মাসুমা বেগম জানান, জনস্বাস্থ্য রক্ষায় অনুমোদনহীন ও মানহীন পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব