ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারী নুরুল ইসলাম (৩৫) ও তার সহযোগী আশিকুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ গ্রাম ইয়াবার গুঁড়া, চারটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (১৫ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব মেড্ডা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পালসার মোটরসাইকেল আটক করে পুলিশ। পরে মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে তল্লাশি করে উল্লেখিত মাদক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেটের গুঁড়া ১৫ গ্রাম, বিভিন্ন ব্র্যান্ডের চারটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল বিধি অনুযায়ী জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের সুরুজ আলীর ছেলে নুরুল ইসলাম এবং বিহাইর গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে আশিকুল ইসলাম।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নুরুল ইসলামের বিরুদ্ধে পূর্বে ৯টি মাদক মামলা, একটি চুরি মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা এবং অন্যান্য ধারায় আরও একটি মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। অপর গ্রেফতারকৃত আশিকুল ইসলামের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুজনকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
আজকালের খবর/বিএস