সোমবার ১০ আগস্ট ২০২৬
বিজয়নগরে হামদু মিয়া হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ০)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে হামদু মিয়া হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি আবুল খায়েরকে (৫৫) সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। 

রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট মহানগরীর কোতোয়ালি থানাধীন এলাকার একটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল খায়ের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাগদিয়া বন্দের বাড়ি এলাকার মৃত আব্দুল মন্নাফের ছেলে।

র‌্যাব জানায়, নিহত হামদু মিয়া একই এলাকার বাসিন্দা। তার পরিবারের সঙ্গে আসামিদের বিভিন্ন বিষয় নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিল। গত ১ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে আসামিদের গরু হামদু মিয়ার জমিতে ঢুকে ফসল নষ্ট করে। এতে তিনি বাধা দিলে আসামিদের সঙ্গে তার কথা-কাটাকাটি ও তর্ক-বিতর্ক হয়।

এর জের ধরে ওইদিন সকাল ৯টার দিকে আসামিরা দলবদ্ধ হয়ে হামদু মিয়ার বাড়িতে অনধিকার প্রবেশ করে। মামলার এজাহার অনুযায়ী, আবুল খায়েরের নির্দেশে অন্য আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে হামদু মিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় হামদু মিয়াকে রক্ষা করতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন। পরে হামলাকারীরা তাদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। গুরুতর আহত হামদু মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় নিহত হামদু মিয়ার স্ত্রী বাদী হয়ে বিজয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আবুল খায়েরসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

মামলার আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়ার সিপিসি-১ ও সিলেটের সিপিএসসির একটি যৌথ দল রবিবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে সিলেট কোতোয়ালি থানাধীন একটি আইসক্রিম কারখানায় অভিযান চালায়। অভিযানে মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বিজয়নগর থানায় ৩ আগস্ট দায়ের করা হত্যা মামলায় পেনাল কোডের বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft