মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে জাল টাকা কারখানায় বিজিবির অভিযান
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:১৩ এএম   (ভিজিট : ১৪৭)
কক্সবাজারের টেকনাফে জাল টাকা প্রস্তুতকারী চক্রের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার বেশি জাল নোট, জাল নোট তৈরির সরঞ্জাম ও একটি অটোরিকশাসহ দুই সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৪ মে) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

বিজিবি জানায়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির হাট ও বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের উদ্দেশ্যে বিপুল পরিমাণ জাল টাকা প্রস্তুত করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে গত এক সপ্তাহ ধরে জাদিমুরা বাজার, লেদা ও দমদমিয়া এলাকায় গোয়েন্দা নজরদারি চালানো হয়। পরে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করা হয়।

শনিবার সকাল থেকে বিজিবির একটি বিশেষ গোয়েন্দা দল এলাকায় অবস্থান নেয়। দুপুরের দিকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে একটি অটোরিকশাযোগে কারখানায় আসা-যাওয়া করতে দেখে মুচনী বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৫১ লাখ ৩৪ হাজার ১০০ টাকার জাল নোট, একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, দুটি কালার প্রিন্টার, জাল নোট তৈরির কাঁচামাল ও টাকা কাটার মেশিন জব্দ করা হয়। একই সঙ্গে জাল টাকা পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।

আটকরা হলেন জাদিমুরা এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা আজিজুর আহম্মদ এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নাজমুল।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় সংঘবদ্ধ অপরাধ ও চোরাচালান দমনে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এই অভিযানে জাল টাকা প্রস্তুতকারী চক্রের অপতৎপরতা প্রতিরোধ সম্ভব হয়েছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft