মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ পিএম   (ভিজিট : ০)
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের পুরোনো বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি (জোড় পুকুরপাড়) এলাকার বাসভবনটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মোজাম্মেল হক পলাতক আছেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আগুন ধরিয়ে দেওয়া বাড়িটি সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরাতন টিনশেড বাড়ি। পাশেই তার আটতলা ভবনের একটি বাড়ি থাকলেও সেটি অক্ষত রয়েছে। এই বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, জোড়পুকুর এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লেগেছে। তবে এটি কার বাড়ি আমরা এখনও নিশ্চিত নই। কেউ বলছে সাবেক মন্ত্রীর বাড়ি, আবার কেউ বলছে অন্য কারও বাড়ি। আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft