বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের আনন্দ মিছিল
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:১২ পিএম   (ভিজিট : ১২)
দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের লালমনিরহাট সফরকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজনৈতিক নেতাকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সফরের কর্মসূচি সফল করতে বিভিন্ন পর্যায়ে চলছে প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম।

এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে লালমনিরহাট শহরে আনন্দ মিছিল করেছেন ‘আলোকিত যুব কমিটি’র স্বেচ্ছাসেবীরা। এর আগে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’তে স্বেচ্ছাসেবীদের মধ্যে ভেস্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আলোচনা সভা শেষে তাঁর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ‘হামার বাড়ি’ কার্যালয়ে এসে শেষ হয়।

আলোচনা সভায় স্বেচ্ছাসেবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফর লালমনিরহাটবাসীর জন্য আনন্দের ও গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ। প্রধানমন্ত্রী দিনব্যাপী জেলায় অবস্থান করবেন। তাঁর সফরের প্রতিটি কর্মসূচি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবীদের ধৈর্য, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় সবাইকে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো ধরনের দায়িত্বে অবহেলা করা যাবে না। স্বেচ্ছাসেবীদের সুসংগঠিত থেকে নির্ধারিত দায়িত্ব ও নির্দেশনা অনুসরণ করতে হবে। পাশাপাশি প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী জানান, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের জেলায় তিনটি কর্মসূচি রয়েছে। প্রথমে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন।

পরে জেলা সদরের মহেন্দ্রনগর এলাকায় পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিসসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft