মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা লুট
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৩১ পিএম   (ভিজিট : ০)
নরসিংদীর বেলাবোতে জাকির হোসেন নামে এক লিবিয়া প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসময় ওই বাড়ি হতে স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। 

এ ঘটনায় মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বেলাবো থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী জাকির।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুলালকান্দি গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রবাসী মো. জাকির হোসেন (৩৮) দুলালকান্দি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে লিবিয়ায় অবস্থান করছেন। গ্রামে তাঁর একটি দুইতলা বাড়ি রয়েছে। সেখানে তাঁর বৃদ্ধ বাবা-মা ও স্ত্রী বসবাস করেন।

প্রবাসী জাকির হোসেনের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে সংঘবদ্ধ একটি দল সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দরজার তালা কেটে ঘরে প্রবেশ করে। এ সময় দুটি স্টিলের আলমারি ভেঙে ৬০ ভরি স্বর্ণালংকার, ২ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩ কোটি ৪২ লাখ টাকা) এবং নগদ ১ কোটি ৮৫ লাখ টাকা লুট করা হয়। সব মিলিয়ে লুট হওয়া সম্পদের মূল্য কয়েক কোটি টাকা বলে দাবি ওই প্রবাসীর।

থানায় দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত শুক্রবার (১৩ নভেম্বর) বাড়িতে তালা লাগিয়ে নরসিংদী শহরে জাকিরের বোনের বাসায় বেড়াতে যান পরিবারের সদস্যরা। এরপর থেকে বাড়িটি ফাঁকা ছিল। এ সুযোগে সোমবার  সন্ধ্যায় ৫০ থেকে ৬০ জনের অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর করে। দুর্বৃত্তরা প্রথমে বাড়ির সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে। পরে ভবনের জানালার থাই গ্লাস ভেঙে এবং প্রধান দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়ির তিনটি কক্ষে থাকা আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এসময় ঘরের দুটি স্টিলের আলমারি ভেঙে প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার, ২ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার এবং নগদ ১ কোটি ৮৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী মো. জাকির হোসেন বলেন, ঘটনার সময় তিনি কিংবা তাঁর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। পরে খবর পেয়ে বাড়িতে এসে দেখেন, ঘরেরদরজা-জানালা, আসবাবপত্র ও আলমারি ভাঙচুর করা হয়েছে। স্বর্ণালংকার, মার্কিন ডলার ও নগদ টাকাও পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তিনি বেলাব থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানান তিনি।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে জাকির হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা থাকার বিষয়টি নিয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, জাকির হোসেন লিবিয়ায় অবস্থান করে ভূমধ্যসাগর দিয়ে অবৈধ পথে ইতালিতে লোক পাঠানোর সঙ্গে জড়িত। এর আগে তিনি বেলাব উপজেলার বিভিন্ন এলাকার শত শত লোককে অবৈধভাবে ইতালিতে পাঠিয়েছেন।

স্থানীয়রা আরও জানান, বেলাব উপজেলার ৩০/৩২ জন যুবক জাকিরের মাধ্যমে ইতালিতে যাওয়ার জন্য টাকা জমা দেয়। তারা ইতালির অপেক্ষায় বর্তমানে লিবিয়ায়  অবস্থান করছেন। সোমবার বিকালে তাদের স্বজনরা জাকিরের বাড়িতে আসেন। পরে তাদের বুঝিয়ে বিদায় করে দেন এলাকার কয়েকজন। ওইদিনই রাতেই জাকিরের বাড়িতে হামলা ও লুট হয় বলে জেনেছেন স্থানীয়রা।

এছাড়া স্থানীয় বাসিন্দাদের অনেকেই জাকির হোসেনকে সমাজসেবী হিসেবেও উল্লেখ করেন। তাঁদের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিজস্ব অর্থায়নে গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। এ ছাড়া ‘মানবসেবা ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেছেন বলেও জানান তারা।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft