বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
নবীনগরে শীতের সবজির আমদানি বাড়ছে, কমছে দাম
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ৮)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাজারে আসতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি। সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে মাছ, মাংস ও অন্যান্য নিত্যপণ্যের দাম এখনো চড়া।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নবীনগর বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় ফুলকপি, বাঁধাকপি, নতুন আলু, শিম, বেগুন ও কাঁচামরিচের দাম কমেছে।

বাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৭০ টাকা। বাঁধাকপি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা পিস। নতুন আলুর দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমে বর্তমানে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। পুরোনো আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি। কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকা কমে ১২০ থেকে ১৩০ টাকায় নেমেছে। টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি।

এ ছাড়া শিমের দাম কেজিতে ৭০ থেকে ৮০ টাকা কমে বর্তমানে ১২০ থেকে ১৩০ টাকা এবং বেগুন ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।

নবীনগর বাজারের সবজি বিক্রেতা আব্দুল্লাহ বলেন, বিভিন্ন এলাকা থেকে শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে। কয়েক দিন পর সরবরাহ আরও বাড়বে। তখন দাম আরও কমতে পারে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির আমদানি বেশি হওয়ায় দাম কমেছে।

এদিকে মুরগির বাজারেও কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। কয়েক মাস ধরে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ১৮৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে বাজারভেদে ১৭০ থেকে ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা কেজি।

তবে মাছের বাজার এখনো চড়া। রুই মাছ আকারভেদে ২৫০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা এবং পাবদা মাছ ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে ইলিশ। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ২ হাজার টাকায়।

অন্যদিকে প্রতি ডজন লাল ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারেও তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা এক ক্রেতা বলেন, বাজারের অবস্থা এখনো সাধারণ মানুষের জন্য কঠিন। প্রয়োজনীয় নিত্যপণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে। তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে, যা ক্রেতাদের জন্য স্বস্তির খবর।

সব মিলিয়ে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় নবীনগরের বাজারে কিছু পণ্যের দাম কমলেও মাছ, মাংস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে চাপে রয়েছেন সাধারণ ক্রেতারা।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft