বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জয়পুরহাট
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ১৬)
জয়পুরহাটে জেঁকে বসতে শুরু করেছে শীত। জেলার বিভিন্ন এলাকায় দেখা মিলেছে হালকা থেকে মাঝারি কুয়াশার চাদর। ভোরের সোনালি রোদের সঙ্গে কুয়াশার লুকোচুরি আর চারপাশের স্নিগ্ধ সবুজ প্রকৃতি শীতের আগমনি বার্তা নিয়ে এসেছে।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন মাঠঘাট, গ্রামীণ সড়ক ও জনপদে কুয়াশার আবছায়া রূপ চোখে পড়ে। সকালের এই কনকনে হাওয়া ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ জানান দিচ্ছে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শরৎ-হেমন্ত, আর দুয়ারে কড়া নাড়ছে শীতকাল।

​ভোরের এই অপরূপ কুয়াশার রূপ মুগ্ধ করছে সাধারণ পথচারী ও প্রকৃতিপ্রেমীদের। বিশেষ করে গ্রামীণ জনপদে শীতের আমেজ বেশ অনুভূত হচ্ছে। সকালে অনেক জায়গায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে সাধারণ মানুষকে। এদিকে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে রোদ উঠলেও সন্ধ্যার পর হিমেল বাতাসের সাথে সাথে বাড়ছে ঠান্ডার প্রকোপ। 

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সামনের দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

​ঋতু পরিবর্তনের এই সময়ে শীতজনিত রোগবালাই থেকে সাবধান থাকার পরামর্শ দিয়ে জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে দিনে গরম এবং রাত ও ভোরে ঠান্ডা অনুভূত হচ্ছে। এ সময় আবহাওয়ার তারতম্যের কারণে শিশু ও বয়স্কদের সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তাই এখন থেকেই সবাইকে গরম কাপড় ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।


আজকালের খবর/রাশেদুল মিলন 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft