বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে: প্রধানমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:১৯ পিএম   (ভিজিট : ৩)
অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, দেশে অরাজকতা সৃষ্টি করা হলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে এবং এর খেসারত শেষ পর্যন্ত সাধারণ জনগণকেই দিতে হবে। তাই দেশের স্বার্থে সবাইকে সজাগ ও সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন এবং ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতসহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘‘সারা দেশে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। দেশে অরাজকতা সৃষ্টি হলে দেশের অগ্রযাত্রা ও উন্নয়ন ব্যাহত হবে। তাই দেশ যেন এগিয়ে যেতে পারে, সে বিষয়ে সবাইকে সোচ্চার থাকতে হবে। এক দফার কথা বলে দেশকে কোনোভাবেই পেছনের দিকে নিয়ে যাওয়া যাবে না।’’

তিনি আরও বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং তাদের সহযোগীদের বিষয়ে দেশবাসীকে সবসময় সতর্ক থাকতে হবে। নির্বাচনের আগে একটি দলের মানুষের কাছে তথাকথিত ‘জান্নাতের টিকিট’ দেওয়ার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, একটি ‘গুপ্তবাহিনী’ এ দেশের মানুষের অধিকার হরণের চেষ্টা করছে। ৫ আগস্টের পর যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের বর্তমান কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

বিএনপির রাজনৈতিক আদর্শ তুলে ধরে তিনি বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। কৃষক, ইমাম-মুয়াজ্জিন ও দুস্থ মানুষের পাশে থেকে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যারা অতীতে হত্যার রাজনীতি করেছে, তাদের কাছে জনগণের কল্যাণের কোনো এজেন্ডা নেই।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে সরাসরি অর্থসহায়তা দিয়ে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

এদিন ফুলগাজীর সঙ্গে নিজের পারিবারিক স্মৃতির রোমন্থন করে আবেগঘন বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বহু বছর পর নানা বাড়ির এলাকায় এসে তিনি বলেন, ‘‘মা যেহেতু আজ নেই, এখন আপনারা আমাকে আগের মতো দেখে রাখবেন।’’

এর আগে ফেনী সফরের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (প্রথম পর্যায়)’-এর উদ্বোধন করেন। ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নেওয়া এই প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ এবং ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাশয় পুনঃখনন করা হবে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি তিনি নদী খনন কার্যক্রমের উদ্বোধন ও ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, সংসদ সদস্য রফিকুল আলম মজনু, অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, রেহানা আক্তার রানু, ধর্ম সচিব মুন্সী আলা উদ্দিন আল আজাদ এবং সমাজকল্যাণ সচিব ড. মো. আবু ইউসুফসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft