বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
দীর্ঘদিনের ভোগদখলীয় জমি দখলে বাধা দেওয়ায় মধুপুরে সংবাদ সম্মেলন
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:২২ পিএম   (ভিজিট : ৩)
টাঙ্গাইলের মধুপুরে দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধা, অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ফজলুল হক মনি নামের এক ব্যক্তি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে মধুপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে ফজলুল হক মনি জানান, ১৯৫৯ সালের ৩১ জুলাই তাঁর চাচা মৃত দুদু মিয়া সাব-কবলা দলিলের মাধ্যমে তাকে ও তার বড় ভাই তোফাজ্জল হোসেনকে ১০৭.৫০ শতাংশ জমি দান করেন। এর মধ্যে তার অংশে ৫৩.৭৫ শতাংশ জমি রয়েছে। এছাড়া ১৯৮২ সালের ১০ নভেম্বর তার বাবা মৃত কালা মিয়া হেবা দলিলের মাধ্যমে একই দাগে তাকে আরও ২২ শতাংশ জমি দেন। দুটি দলিল মিলিয়ে তার মোট জমির পরিমাণ ৭৫.৭৫ শতাংশ। জমিগুলো মধুপুর উপজেলার পুণ্ডুরা মৌজার সিএস খতিয়ান নম্বর ৩৩-এর ৩৫৪ দাগ ও হাল দাগ নম্বর ৫০৪-এ অবস্থিত। দীর্ঘদিন ধরে তিনি এসব জমিতে শান্তিপূর্ণভাবে আনারস ও সেগুনের বাগান করে ভোগদখল করে আসছেন।

ভুক্তভোগী ফজলুল হক মনি অভিযোগ করে বলেন, তার ছোট ভাই মরহুম বকুল মিয়া ১৯৭৯ সালে একই দাগে হেবা দলিলের মাধ্যমে জমি পান। বকুল মিয়ার মৃত্যুর পর তার পরিবারের সাথে জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। সম্প্রতি তিনি ওই জমির একটি অংশ বিক্রি করার জন্য সম্ভাব্য ক্রেতাকে সাথে নিয়ে জমি পরিমাপ ও আগাছা পরিষ্কার করতে যান। এ সময় বকুল মিয়ার ছেলে রিপন, লিটন ও ইদুল তাকে, তার ছেলে এবং সম্ভাব্য ক্রেতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। এর ফলে গত প্রায় সাত মাস ধরে তিনি তার নিজ জমি বিক্রি, চাষাবাদ বা কোনো ধরনের ব্যবহার করতে পারছেন না।

তিনি আরও জানান, এই বিরোধ মীমাংসার জন্য মধুপুর পৌরসভায় সালিশ ও জমি পরিমাপের উদ্যোগ নেওয়া হলেও প্রতিপক্ষ বিবাদী পক্ষ সেখানে উপস্থিত হয়নি। পরবর্তীতে এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ উভয় পক্ষকে ডেকে দলিলপত্র ও বক্তব্য পর্যালোচনা করে। গত ২৮ সেপ্টেম্বর পুলিশ দীর্ঘদিনের দখল বজায় রেখে শান্তিপূর্ণভাবে থাকার পরামর্শ দেয় এবং কেউ অসন্তুষ্ট হলে আদালতে যাওয়ার পরামর্শ প্রদান করে।

সংবাদ সম্মেলনে ফজলুল হক মনি জমির এই বিরোধের সুষ্ঠু ও ন্যায়সংগত সমাধান, জমি বিক্রি ও চাষাবাদে বাধা প্রদান বন্ধ এবং নিজের ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft