কোনো শিল্প গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান সিআইবি রিপোর্টে অগ্রহণযোগ্য হলেও, তা যদি ইচ্ছাকৃত খেলাপি না হয়ে থাকে, তবে ওই গ্রুপের অধীনস্থ অন্যান্য সফল ও সচল প্রতিষ্ঠানকে ঋণ সুবিধা দেওয়ার সুপারিশ করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো এক চিঠিতে সংস্থাটি এই আহ্বান জানায়। চিঠি পাঠিয়েছেন বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল (অব:) ড. মো: সাহেদুল ইসলাম।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নং-০৭ (তারিখ: ৩০ এপ্রিল ২০২৪)-এর বিদ্যমান নীতিমালার কারণে কোনো গ্রুপের একটি প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়লে, অভিন্ন পরিচালক থাকার সুবাদে ওই গ্রুপের অন্যান্য লাভজনক ও শতভাগ রফতানিমুখী প্রতিষ্ঠানের ব্যাংকিং ঋণ সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি তৈরি পোশাক খাতের জাতীয় রফতানি আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ প্রসঙ্গে নীলফামারীর উত্তরা ইপিজেডে অবস্থিত শতভাগ রফতানিমুখী প্রতিষ্ঠান ‘দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড-এর আবেদনের কথা তুলে ধরে বিজিএমইএ। চিঠিতে সার্কুলারের সংশ্লিষ্ট উপ-দফাটি সংশোধন করে যুক্ত করার প্রস্তাব করা হয় যে, গ্রুপভুক্ত কোনো খেলাপি প্রতিষ্ঠান ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা হিসেবে চিহ্নিত না হলে, ঐ গ্রুপের অন্যান্য সচল প্রতিষ্ঠানকে ঋণ সুবিধা প্রদান করা যেতে পারে।
দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সৎ ও সচল ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখা, রফতানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং কর্মসংস্থান রক্ষার স্বার্থে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করার জন্য বিজিএমইএ বাংলাদেশ ব্যাংকের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে।
আজকালের খবর/ এমকে