
দেশের সরকারি ভবনে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে এক নতুন যুগের সূচনা হলো। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত ‘রুফটপ সোলার’ থেকে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলোয় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই প্রকল্পের উদ্বোধন করেন।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, সরকারি ভবনে বাস্তবায়িত দেশের প্রথম এই সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে তিন উপজেলার বিভিন্ন সরকারি স্থাপনায় মোট ৯৬২.৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত এই বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব চাহিদা মেটাবে এবং পরবর্তীতে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
প্রকল্পের বিবরণ অনুযায়ী, ফুলগাজী উপজেলায় উপজেলা পরিষদ ভবন, জেলা পরিষদ ডাকবাংলো ও ছয়টি ইউনিয়ন পরিষদ ভবনসহ আটটি স্থাপনায় ২৪৯ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। এছাড়া ছাগলনাইয়া উপজেলায় উপজেলা পরিষদ ভবন, পৌরসভা ভবন ও ইউনিয়ন পরিষদ ভবনসহ ১২টি স্থাপনায় মোট ৪১৫ কিলোওয়াট এবং পরশুরাম উপজেলায় উপজেলা পরিষদ ভবন, অডিটোরিয়াম, তিনটি ইউনিয়ন পরিষদ ভবন ও ডাকবাংলোসহ ছয়টি স্থাপনায় ২৯৮.৫ কিলোওয়াট উৎপাদন সক্ষমতা তৈরি করা হয়েছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. নুরুল হোসাইন জানান, এই তিন উপজেলায় প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকা ব্যয় হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ সরকারের পদস্থ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে ফেনী সফরের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী দুপুর আড়াইটার দিকে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন করেন। এরপর তিনি ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান কর্মসূচিতে অংশ নেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব