বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
দেবীদ্বারে ভাইদের বিরোধে রাস্তা বন্ধ, পানি পথে স্কুলে যাচ্ছে শিশুরা
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ৫)
কুমিল্লার দেবীদ্বারে ৩ ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। বাড়ির চতুর্পাশে টিনের বেড়া, ঝাটা, বাঁশ ও নেটের বেড়া দিয়ে পথরোধ করায় চরম মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবার দুটি। গত এক বছর ধরে ১৬ জন সদস্য নিজ বাড়িতেই একরকম গৃহবন্দী হয়ে আছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সরেজমিনে উপজেলার রাজামেহার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুল খালেকের বাড়িতে গিয়ে স্থানীয় ও পরিবারগুলোর সাথে কথা বলে এই করুণ চিত্র জানা যায়।

জানা যায়, প্রায় ৫০ বছর পূর্বে রাজামেহার গ্রামের বাগন বাড়ির মৃত সৈয়দ আলী গোবিন্দপুর গ্রামে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মৃত্যুর পর তার সন্তানরা সম্পত্তি ভাগবাটোয়ারা করে নেন। বাড়ির সামনের অংশে মেজো ভাই শাহজাহান এবং পেছনের অংশে আব্দুল খালেক ও মোহাম্মদ আলী বসবাস শুরু করেন। পরবর্তীতে মেজো ভাই শাহজাহানের মৃত্যুর পর দুই বোনের সম্পত্তি অপর দুই ভাই ক্রয়সূত্রে মালিক হলে ভ্রাতৃকলহ চরম আকার ধারণ করে।

একাধিকবার স্থানীয় সালিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেও কোনো সুরাহা মেলেনি। উল্টো মৃত শাহজাহানের পরিবার সীমানা বরাবর ও উত্তর পাশে নেটের বেড়া দিয়ে এবং দক্ষিণ-পূর্বাংশের রাস্তায় চাচাতো ভাই আব্দুল হাকিম টিনের বেড়া ও ঝাটা দিয়ে চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে দেন। অভিযুক্ত আব্দুল হাকিমের দাবি, বাড়ির নারীদের পর্দার নিরাপত্তার স্বার্থে রাস্তাটি বন্ধ করতে বাধ্য হয়েছেন।

রাস্তা বন্ধ থাকায় ওই দুই পরিবারের বৃদ্ধ, প্রতিবন্ধী এবং শিশু-কিশোরসহ ১৬ জন সদস্য চরম দুর্ভোগে পড়েছেন। পরিবারের ৬ জন শিক্ষার্থীকে প্রতিদিন বাড়ির পেছনের নিচু জায়গার কোমর সমান পানি সাঁতরে প্রধান সড়কে উঠতে হয়। পরে ভেজা কাপড় বদল করে স্কুলের পোশাক পরে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে।

ভুক্তভোগী মোহাম্মদ আলীর স্ত্রী ফেরদৌসী বেগম জানান, রাস্তার অভাবে বরপক্ষ বাড়িতে আসতে না পারায় তার বিবাহযোগ্য দুই মেয়ের বিয়ে অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়া এসএসসি পরীক্ষার্থী মেয়েটিও নিয়মিত স্কুলে যেতে পারছে না।

৭২ বছর বয়সী আব্দুল খালেক অভিযোগ করে বলেন, ‘হাসপাতাল, মসজিদ ও হাট-বাজারে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সমাজ ও প্রশাসনের দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাচ্ছি না। বাধা দিতে গেলে প্রতিপক্ষরা হামলা চালায় এবং ঘরের ভিটির মাটি কেটে নিয়ে যায়।’

অভিযুক্ত মৃত শাহজাহানের ছেলে মোজাহিদ ও মেয়ে সালমা বেগম দাবি করেন, তাদের প্রতিবন্ধী ফুফুর সম্পত্তির অংশ ও ন্যায্য অধিকার আদায় এবং চাচার হাতে জবরদখল হওয়া জায়গা উদ্ধারের জন্যই তারা এই পদক্ষেপ নিয়েছেন।

এ বিষয়ে দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, ‘এসংক্রান্ত কোনো অভিযোগ এখনো আমার হাতে পৌঁছায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft