লক্ষ্মীপুরে চারটি জুয়েলারি দোকান থেকে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ী রণজিৎ পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানী ঢাকার এনায়েতগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সঙ্গে তাঁর স্ত্রী উর্মি পাল এবং সহযোগী শীতল পালকেও গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী।
গ্রেপ্তারকৃত রণজিৎ পাল লক্ষ্মীপুর বাজারের স্বর্ণকার সড়কের ‘পাল শিল্পালয়ে’র স্বত্বাধিকারী। তিনি পরিবার নিয়ে শহরের শাঁখারিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শীতল পাল তাঁদের সহযোগী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রণজিৎ পাল লক্ষ্মীপুর বাজারে প্রায় ৩০ বছর ধরে স্বর্ণের ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়িক সম্পর্কের সূত্রে গত ২১ সেপ্টেম্বর (সোমবার) সকালে বাজারের চারটি দোকান থেকে ক্রেতাদের দেখানোর কথা বলে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নেন তিনি। কিন্তু বেলা গড়ালেও তিনি আর স্বর্ণ ফেরত দেননি। সন্ধ্যা পর্যন্ত তাঁর দোকান খোলা থাকলেও রণজিৎ বা তাঁর পরিবারের কারো খোঁজ পাওয়া যায়নি। ভাড়া বাসায় গিয়ে জানা যায়, তাঁরা পরিবারসহ পালিয়ে গেছেন।
পরবর্তীতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ‘তমা শিল্পালয়ে’র মালিক পলাশ কুরী এ ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, ঘটনাটির পর পুলিশ ও ডিবি যৌথ অভিযান পরিচালনা করে। আসামিরা ঢাকার এনায়েতগঞ্জে বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। সেখান থেকে তাঁদের তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং আত্মসাৎ করা ২২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আজকালের খবর/কাওছার আল হাবীব