বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং সামাজিক অবক্ষয় রুখতে বিশেষ অবদান রাখায় নীলফামারীর কিশোরগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের পুরস্কৃত করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাম পুলিশ সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ‘বাল্যবিবাহ ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা তৃণমূল পর্যায়ে বাল্যবিবাহ বন্ধে তথ্য প্রদান ও তাৎক্ষণিক সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গ্রাম পুলিশ সদস্যদের সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে শিশুদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে এবং ঝরে পড়া রোধে ভবিষ্যতেও এ ধরনের দায়িত্বশীল ভূমিকা পালন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
আজকালের খবর/কাওছার আল হাবীব