নওগাঁর বদলগাছী উপজেলার পারসোমবাড়ী হাটের পাশে ছোট যমুনা নদীর ব্রিজের পশ্চিম পাশের সড়ক ও ব্রিজের গার্ডপোস্ট ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ঘটনার তিন মাসের বেশি সময় অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সংস্কারকাজ শুরু না করায় চরম ঝুঁকিতে রয়েছে যাতায়াতকারী যানবাহন ও পথচারীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ব্রিজের পশ্চিম পাশের সড়কে প্রথমে সামান্য ভাঙন দেখা দেয়। দিন দিন তা বড় হয়ে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে রাতের আঁধারে কোনো আলোর ব্যবস্থা না থাকায় অপরিচিত পথচারী ও যানবাহন চালকদের জন্য জায়গাটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। যেকোনো মুহূর্তে সড়ক ধসে পড়ে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন তারা।
পারসোমবাড়ী গ্রামের বাসিন্দা রাসেল হোসাইনসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি আক্ষেপ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি এ অবস্থায় পড়ে থাকলেও সংস্কারে কেউ এগিয়ে আসেনি। স্থানীয় ভ্যানচালক ও যাতায়াতকারী সাধারণ মানুষ প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে চলাচল করছেন। দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি মেরামতের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা জানান, ধসে যাওয়া অংশ সংস্কারের জন্য ইতিমধ্যে প্রাক্কলন (ইস্টিমেট) অনুমোদন করা হয়েছে এবং বর্তমানে টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। অতি দ্রুতই কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আজকালের খবর/কাওছার আল হাবীব