পার্বত্য এলাকার টেকসই উন্নয়নের জন্য অবকাঠামোর পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার (২৩ আগস্ট) দুপুরে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে পারলে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি নারীদের সেলাই মেশিন দেওয়ার মাধ্যমে তাদের পারিবারিক অর্থনীতিতে অবদান রাখার সুযোগ আরও সুদৃঢ় হবে।
উন্নয়ন বোর্ডের কর্মসূচি শেষে প্রতিমন্ত্রী রাঙামাটির একমাত্র শিশু পার্ক সংলগ্ন ওয়াচ টাওয়ারের উদ্বোধন করেন এবং পরবর্তীতে পার্বত্য জেলা পরিষদে নবনির্মিত ‘ই-লার্নিং সেন্টার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে স্থানীয় সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব