নওগাঁর সাপাহারে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়া কৃষিজমিতে অবৈধভাবে ইটভাটা নির্মাণের অভিযোগে ‘স্টার ব্রিকস’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৩ আগস্ট) বিকেল সাড় ৩টার দিকে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ। প্রশাসন সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই কৃষিজমি নষ্ট করে ইটভাটার কাজ চালু রাখায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ভাটার মালিককে সতর্ক করে কাজ বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছিল।
অভিযান শেষে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটার সব ধরণের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভাটা নির্মাণে ব্যবহূত সব ধরনের নির্মাণসামগ্রী নিজ দায়িত্বে অপসারণের মুচলেকা দিয়েছেন ভাটা মালিক। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আজকালের খবর/কাওছার আল হাবীব