লক্ষ্মীপুরে ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসনে তরুণ সংগঠনের করণীয়’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি’র ইয়েস গ্রুপের যৌথ আয়োজনে রোববার (২৩ আগস্ট) সকালে শহরের একটি বেসরকারি মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অর্ধশতাধিক তরুণ প্রতিনিধি অংশ নেন।
সনাকের জেলা সভাপতি প্রফেসর মো. রফিকুল আহসানের সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া ম্যানেজার আবদুর রবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ইয়াসমীন আরা (বেবী), সনাকের সাবেক সভাপতি জেড এম ফারুকী, সহ-সভাপতি শিপ্রা তালুকদার ও প্রফেসর হুমায়ূন কবিরসহ অন্য স্থানীয় প্রতিনিধিরা।
কর্মশালায় কাজী শফিকুর রহমান বলেন, টিআইবি একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখে। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে শক্তিশালী করতে সচেতন নাগরিকদের পাশাপাশি তরুণ সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে প্রফেসর মো. রফিকুল আহসান বলেন, দুর্নীতির কারণে সমাজ আজ অন্ধকারের মুখোমুখি। এই অবস্থা থেকে উত্তরণে ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে টিআইবি’র পাশাপাশি তরুণ সমাজকেই আলো জ্বালানোর অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব