নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রবিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এই পরিদর্শনে গিয়ে তিনি হাসপাতালের টয়লেটের নাজুক অবস্থা, নিম্নমানের খাবার এবং তীব্র চিকিৎসক সংকট সরেজমিনে প্রত্যক্ষ করেন। টয়লেটের অপরিচ্ছন্ন পরিবেশ ও রান্নাঘরের খাবারের মান দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করলে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।
পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা ও ওষুধের বিষয়ে খোঁজখবর নেন এবং জরুরি বিভাগ ও ফার্মেসি ঘুরে দেখেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৫০ শয্যার এই হাসপাতালে ৪০টি অনুমোদিত চিকিৎসকের পদের বিপরীতে মাত্র ১৩ জন কর্মরত থাকায় সেবা দিতে তাদের চরম হিমশিম খেতে হচ্ছে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রান্তিক মানুষের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবাকে ‘এক ছাতার নিচে’ আনার কাজ চলছে। এই উদ্যোগের অংশ হিসেবে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে বাড়িয়ে ১৫১ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে।
এছাড়া চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে নতুন ও আধুনিক যন্ত্রপাতি কেনার যে চলমান প্রক্রিয়া রয়েছে, তাতে বদলগাছী হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকালে নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান সনি এবং স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের নানা সংকট ও নাজুক পরিবেশ নিয়ে মন্ত্রীর এই পদক্ষেপের পর হাসপাতালটির আধুনিকায়ন নিয়ে এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব