টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজের ১৫ দিন পার হলেও সন্ধান মেলেনি ৮ বছরের শিশু আশরাফুলের। একমাত্র ছেলেকে হারিয়ে মা ইতি বেগমের বুকফাটা আহাজারি ও মাতমে ভারি হয়ে উঠেছে পার ধল্লা গ্রামের বাতাস। স্বজনদের নিরবচ্ছিন্ন খোঁজাখুঁজি আর উৎকণ্ঠায় পুরো এলাকায় এখন থমথমে পরিবেশ বিরাজ করছে।
নিখোঁজ আশরাফুল উপজেলার সহবতপুর ইউনিয়নের পার ধল্লা গ্রামের মো. আয়নাল মিয়ার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ আগস্ট (শনিবার) বিকেলে খামার ধল্লা খেলার মাঠে ফুটবল খেলা দেখতে যায় আশরাফুল। সন্ধ্যা পেরিয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো হদিস না পেয়ে নাগরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৪০, তারিখ: ০১-০৮-২০২৬) করেন।
কান্নাজড়িত কণ্ঠে আশরাফুলের মা ইতি বেগম বলেন, “বিকেলে খেলা দেখতে বের হয়েছিল আশরাফুল। স্থানীয় এক যুবক তাকে কিছু খাওয়ানোর লোভ দেখিয়ে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এত দিন হয়ে গেলেও পুলিশ আমার কোল খালি করে রাখা ছেলেকে খুঁজে বের করতে পারল না।” পরিবার থেকে ঘটনার তদন্তে পুলিশের গাফিলতির অভিযোগ তোলা হয়েছে।
ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক খান জানান, পরিবারটি অত্যন্ত অসহায়। একমাত্র সন্তানকে হারিয়ে তারা সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছেন। শিশুটিকে দ্রুত অক্ষত অবস্থায় উদ্ধারে প্রশাসন ও সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
তবে গাফিলতির অভিযোগ অস্বীকার করে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, “শিশুর সন্ধানে পুলিশ বিভিন্ন দিক বিবেচনা করে কাজ চালিয়ে যাচ্ছে। সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং আশরাফুলকে উদ্ধারে থানা পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”
আজকালের খবর/কাওছার আল হাবীব