
এক কিলোমিটার পথ পাড়ি দিতে এখন ঘুরতে হচ্ছে পাঁচ কিলোমিটার। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত—সব ক্ষেত্রেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। ভোলার লালমোহন উপজেলার বেতুয়া খালের ওপর নির্মিত ব্রিজটি ভেঙে পড়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও পুনর্নির্মাণকাজ শুরু হয়নি। ফলে রমাগঞ্জ, ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের হাজার হাজার মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
বর্তমানে ভেঙে পড়া ব্রিজের অংশে সুপারি গাছ ফেলে তৈরি করা হয়েছে অস্থায়ী সাঁকো। ঝুঁকি নিয়েই সেই সাঁকো দিয়ে খাল পারাপার হচ্ছেন স্থানীয়রা। তবে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় বিকল্প সড়ক ব্যবহার করে কয়েক কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার ডা. আজাহার উদ্দিন সড়কের পূর্ব পাশে বেতুয়া খালের ওপর ব্রিজটির অবস্থান। প্রায় দুই যুগ আগে নির্মিত ৪৫ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের লোহার ব্রিজটি ছিল রমাগঞ্জ ইউনিয়নের সঙ্গে ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। ব্রিজটি ব্যবহার করে স্থানীয় বাসিন্দারা হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যাতায়াত করতেন।
গত ২৩ জুন বালুভর্তি একটি ট্রাক ব্রিজটি দিয়ে ধলীগৌরনগর ইউনিয়নের দিকে যাওয়ার সময় বিকট শব্দে সেটি ভেঙে খালে পড়ে যায়। এতে ট্রাকচালক নিহত এবং হেলপার আহত হন। দুর্ঘটনার পর থেকে ব্রিজটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
পরবর্তী সময়ে স্থানীয়রা নিজেদের উদ্যোগে ভাঙা অংশে সুপারি গাছ ফেলে অস্থায়ী সাঁকো তৈরি করেন। বর্তমানে সেটি দিয়েই ঝুঁকি নিয়ে মানুষ হেঁটে পারাপার হচ্ছেন। তবে শিশু, শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য এই পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভারী মালামাল ও কৃষিযন্ত্র পরিবহনও বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. মফিজ, নূরুল ইসলাম ও মো. কবির জানান, ব্রিজটি ছিল বেতুয়া খালের দুই পাড়ের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। এটি ভেঙে যাওয়ার পর এক কিলোমিটারের পথ যেতে এখন প্রায় পাঁচ কিলোমিটার ঘুরতে হচ্ছে। কোনো রোগী গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। এলাকায় অ্যাম্বুলেন্স প্রবেশেরও সুযোগ নেই।
তাঁরা আরও বলেন, সুপারি গাছ দিয়ে তৈরি অস্থায়ী সাঁকোটি দিয়ে কোনো রকমে হেঁটে পার হওয়া গেলেও যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের চলাচলে ঝুঁকি বেশি। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণের দাবি জানান তাঁরা।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সেখানে সতর্কতামূলক কোনো সাইনবোর্ড ছিল না। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। ঝুঁকিপূর্ণ অবস্থা আগে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে এমন দুর্ঘটনা ঘটত না বলেও দাবি তাঁদের।
এ বিষয়ে লালমোহন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান বলেন, প্রকল্প অনুমোদন ছাড়া উন্নয়নকাজ শুরু করার সুযোগ নেই। প্রায় ৪৫ মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণে আনুমানিক আড়াই থেকে তিন কোটি টাকা ব্যয় হতে পারে। এ জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রিজটি পুনর্নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে ব্রিজটির মাটি পরীক্ষা ও ভূ-উপরিতল জরিপ সম্পন্ন হয়েছে। নকশা প্রণয়নের জন্য প্রয়োজনীয় প্রতিবেদনও সদর দপ্তরে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ব্রিজটির পুনর্নির্মাণকাজ শুরু করা হবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব