
ময়মনসিংহের গৌরীপুরে এবার জলপাইয়ের বাম্পার ফলন হয়েছে। গাছভর্তি জলপাই দেখে কৃষকের মনে আশার সঞ্চার হলেও বাজারে চাহিদা ও ন্যায্যমূল্য না থাকায় সেই আশা এখন হতাশায় পরিণত হয়েছে। প্রতি কেজি জলপাই বিক্রি হচ্ছে মাত্র ৫ থেকে ৮ টাকায়। কোথাও কোথাও এর চেয়েও কম দামে বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে পরিবহন ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় লোকসানে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও।
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর দেশীয় বিভিন্ন আচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান মৌসুমের শুরুতেই আগাম জলপাই কেনে। সিলেটের ব্যবসায়ীরাও গৌরীপুর থেকে জলপাই সংগ্রহ করে প্রক্রিয়াজাতের মাধ্যমে লন্ডন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাঠাতেন। কিন্তু এবার এসব প্রতিষ্ঠান ও বিদেশি বাজারের চাহিদা না থাকায় জলপাইয়ের বাজারে বড় ধরনের ধস নেমেছে।
উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কৃষক আবুবক্কর সিদ্দিক জানান, তাঁর তিনটি গাছ থেকে সাত মণ জলপাই উৎপাদন হয়েছে। বাজারে এনে তা বিক্রি করেছেন মাত্র ১ হাজার ৬৮০ টাকায়। অথচ শ্রমিকের মজুরি দিতে হয়েছে ৪০০ টাকা এবং রিকশাভাড়া ১৫০ টাকা। তিনি বলেন, গত বছর গাছের নিচ থেকেই প্রতি কেজি জলপাই ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি করেছিলেন। তখন স্থানীয় পাইকাররা গাছ থেকেই জলপাই কিনে নিয়ে যেতেন। এবার উৎপাদন বেশি হলেও ক্রেতা নেই। সব মিলিয়ে লোকসান গুনতে হচ্ছে।
মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামের ফজলুল হক প্রতি কেজি জলপাই ৮ টাকা দরে বিক্রি করেছেন। সাতুতী গ্রামের আবুল হাসিম বিক্রি করেছেন কেজিপ্রতি মাত্র ৫ টাকায়। একই গ্রামের আজিজুর রহমান ১২৫ কেজি জলপাই বিক্রি করেছেন মাত্র ৭০০ টাকায়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গৌরীপুরে প্রায় ২১০ একর জমিতে জলপাইয়ের বাগান রয়েছে। এসব বাগানে গাছের সংখ্যা প্রায় ৩৭ হাজার। উপজেলা কৃষি বিভাগের হিসাবে, প্রতিটি গাছে গড়ে ২০০ কেজি করে জলপাই উৎপাদন হলে চলতি মৌসুমে উৎপাদনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৭ হাজার ৪০০ টন।
উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কাওছার আহম্মদ খান জানান, গৌরীপুরে জলপাইয়ের আবাদ ও উৎপাদন উল্লেখযোগ্য। এ বছর গাছে গাছে প্রচুর জলপাই ধরেছে। তবে বাজারে কাঙ্ক্ষিত চাহিদা ও দাম না থাকায় উৎপাদকদের সমস্যায় পড়তে হচ্ছে।
দীর্ঘদিন ধরে জলপাইয়ের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও এবার লোকসানের মুখে পড়েছেন। ৩৮ বছর ধরে এ ব্যবসা করছেন ঈশ্বরগঞ্জ উপজেলার মৃত গোলাম হোসেন মেম্বারের ছেলে মো. শহিদুল ইসলাম। তিনি জানান, এ বছর প্রতি কেজি ৬ থেকে ৮, কোথাও ১০ টাকা দরে জলপাই কিনছেন। অথচ পরিবহন খরচ ও শ্রমিকের মজুরি আগের তুলনায় বেড়েছে।
তিনি বলেন, ১৬ দিনে জলপাই সিলেটে পাঠিয়ে এবার তাঁর ৭৭ হাজার টাকা লোকসান হয়েছে। মৌসুমের শুরুতে কয়েকটি জলপাইগাছও কিনেছিলেন। কিন্তু বাজারে চাহিদা না থাকায় সেগুলো বিক্রি করা কঠিন হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে তাঁর বিনিয়োগ করা পুঁজি পুরোপুরি শেষ হয়ে যাবে।
বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামের জহুর আলীর ছেলে আব্দুল আলী জানান, তাঁর ব্যবসার বয়স অর্ধশত বছর পেরিয়েছে। এত বছর ব্যবসা করেও এ বছর গাছে এত বেশি জলপাই ধরতে দেখেননি। কিন্তু উৎপাদন বাড়লেও দাম না থাকায় ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।
ঈশ্বরগঞ্জের মৃত হাফিজ উদ্দিনের ছেলে স্থানীয় ব্যবসায়ী নুরুল হক জানান, বর্তমানে আড়তে প্রতি কেজি জলপাই ১০ থেকে ১২ টাকা দরে বিক্রি হচ্ছে। এ দামে ব্যবসার খরচ তুলতে গিয়ে পুঁজি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।
ঈশ্বরগঞ্জের চরহোসেনপুর গ্রামের মতিউর রহমানের ছেলে ইসমাহিল হোসেন জানান, প্রতিদিন গৌরীপুর থেকে জলপাই সিলেট ও চট্টগ্রামে পাঠানো হচ্ছে। কিছু জলপাই যাচ্ছে রাজধানী ঢাকায়। আগে সিলেটের ব্যবসায়ীরা এসব জলপাই প্রক্রিয়াজাত করে বিভিন্ন আচার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়া ও লন্ডনে পাঠাতেন। এবার সেসব ক্রেতা জলপাই না কেনায় বাজারে চাহিদা কমে গেছে।
অন্যদিকে কৃষকরা কম দামে জলপাই বিক্রি করলেও খুচরা বাজারে তার প্রতিফলন নেই বলে অভিযোগ ক্রেতাদের। গৌরীপুর মধ্যবাজারের খুচরা বিক্রেতা ফজলুল হক জানান, তিনি আড়ত থেকে প্রতি কেজি ১৫ টাকা দরে জলপাই কিনে ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি করছেন। পচনশীল পণ্য হওয়ায় অনেক সময় অর্ধেক লাভেও বিক্রি করতে হয়।
উত্তর বাজারের ক্রেতা আজিজুল হক বলেন, আধা কেজি জলপাই কিনতে তাঁকে ২০ টাকা দিতে হয়েছে। অথচ কৃষক সেই জলপাই বিক্রি করে পেয়েছেন মাত্র ৪ থেকে ৫ টাকা। মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক ও ভোক্তার মধ্যে দামের এত ব্যবধান তৈরি হচ্ছে বলে মনে করেন তিনি।
পৌর শহরের গোলকপুর গ্রামের রেজিয়া খাতুন জানান, জলপাইয়ের আচার তাঁর পরিবারের পছন্দের খাবার। তিনি ৫ কেজি জলপাই কিনেছেন ১৫০ টাকায়। পৌর শহরের অন্যতম আড়তদার আলতাব হোসেন খান বলেন, পরিবহন খরচ ও অন্যান্য ব্যয় বাড়লেও জলপাইয়ের দাম কমছে। এতে এ বছর ব্যবসায়ীদের পুঁজি হারানোর আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. এহসানুল হক জানান, জলপাই পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ফল। এতে খাদ্যআঁশ, ক্যালসিয়াম ও ভিটামিন সি রয়েছে। প্রতি ১০০ গ্রাম জলপাইয়ে প্রায় ৭০ কিলোক্যালরি খাদ্যশক্তি, ৯ দশমিক ৭ গ্রাম শর্করা, ৫৯ মিলিগ্রাম ক্যালসিয়াম ও ১৩ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়।
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের দাবি, জলপাইয়ের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হলে আচার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কৃষক ও ব্যবসায়ীদের বাজারসংযোগ বাড়াতে হবে। পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও রপ্তানির সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন। তা না হলে প্রতিবছর উৎপাদন বাড়লেও ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবেন জলপাইচাষিরা।
আজকালের খবর/কাওছার আল হাবীব