বগুড়া জেলা বার সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বা বিএনপির মনোনীত আতাউর রহমান আতা–আব্দুল ওহাব প্যানেল পূর্ণ প্যানেল বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বগুড়া জেলা বার সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে এই বিজয় নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আইনজীবী সমাজের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার সুস্পষ্ট প্রতিফলন। এই সাফল্যের মধ্য দিয়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব ও প্রত্যাশা আরও বেড়েছে।
বগুড়ার আইন অঙ্গনের ঐতিহ্য, পেশাগত মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রেখে তারা ঐক্য, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন– এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত সভাপতি অ্যাড. মো. আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক অ্যাড. মো. আব্দুল ওহাবের সুযোগ্য নেতৃত্বে বগুড়া জেলা বার সমিতি আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে।
এছাড়াও প্রতিমন্ত্রী সম্মানিত ভোটারদের ও নির্বাচন পরিচালনা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আজকালের খবর/বিএস