শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা, আসামি ৫ হাজারের বেশি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:৫৯ পিএম   (ভিজিট : ৯)
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা করা হয়েছে।

মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের আট নেতার নামোল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।

বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে মামলাটি করেছেন বলে বৃহস্পতিবার রাতে জানিয়েছেন গোপালগঞ্জের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।
তিনি বলেন, নায়েব সুবেদার মো. শওকত আলী গত ২৩ নভেম্বর খুলনা থানায় উপস্থিত হয়ে অনলাইনের মাধ্যমে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেছেন।

মামলায় নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। তিনি ছাড়াও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস (কালু) সহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারের বরাতে জানা গেছে, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসাবে ১৭ নভেম্বর পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবি।

তখন টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে সেদিকে রওনা দেয় বিজিবি সদস্যরা। তারা উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে পথ রোধ করে।

বিজিবির পক্ষ থেকে তাদের সরে যাওয়ার অনুরোধ করা হলেও একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালানো হয়। বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এতে বাধা দিতে গেলে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।

মামলায় আরও উল্লেখ করা হয়, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে ভস্মীভূত হয়। অপর একটি এপিসির টায়ার, ফগ লাইট ও পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়।

সব মিলিয়ে ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য ৬ কোটি ৫১ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ মামলায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু।

আজকালের খবর/ এমকে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft