বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম   (ভিজিট : ২)
শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি বলেছেন, লেখাপড়ায় আর কোনো দুর্নীতি হবে না, দেশে আর নকলও চলবে না। যে সকল শিক্ষকরা ক্লাশ বাদ দিয়ে রাজনৈতিক দলের মিছিল মিটিং করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, বেতনভূক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। যখন তখন মিছিল মিটিং করে রাষ্ট্রদ্রোহ কাজ করবেন না। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

শিক্ষামন্ত্রী বলেন, অনেক শিক্ষক রয়েছেন ক্লাশে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। আমি তালিকা করছি। এমপিও ভূক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না। শিক্ষামন্ত্রী আরো বলেন, এবার এইচএসসি পরীক্ষার প্রায় ২৩ হাজার খাতা পুনঃ নিরীক্ষণ করা হয়েছে। আমরা পরীক্ষকদের নিয়মের মধ্যে নিয়ে আসছি। এটা ফ্যাসিস্ট সরকার নয় যে, খাতায় না লিখেও নম্বর পাওয়া যাবে। এবার লেখাপড়া করতে হবে। পাবলিক পরীক্ষায় এবার কোথাও এসএসসি ও এইএসসির প্রশ্নপত্র ফাঁস হয়নি। মনে রাখতে হবে আগামী দিনের বাংলাদেশে আর কোন দিন প্রশ্নপত্র ফাঁস হবে না। 

মন্ত্রী আরো বলেন, শিক্ষামন্ত্রালয়কে সাড় তিন লক্ষ বাইসাইকেল কেনার দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সারাদেশে মেয়েদের এসব সাইকেল বিতরণ করা হবে। সারাদেশের শিক্ষার্থীদের ৩০ হাজার কম্পিউটার দেয়া হবে। আগামী বছরের শুরু থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন সাড়ে ৩৮ টাকার মিড ডে মিল ও নতুন পোশাক দেয়া হবে। এবার বৃত্তির টাকা বাড়ানো হবে। আগামী ২৪ ডিসেম্বর সব ক্লাশের পরীক্ষার ফলাফল এবং একই দিনে পরবর্তী শ্রেণীর সকল নতুন বই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেয়া হবে। 

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির  বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় এমপি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন পরিচালক প্রফেসর মোঃ নাজমুল হক। 

এ ছাড়াও বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মো. সেলিম উদ্দিন। এ সময় অনান্যের মধ্যে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবুল হায়াত উপস্থিত ছিলেন। 

নাটোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে জানিয়ে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী ড. মিলন আরো বলেন, ১৯ বছর যে সব শিক্ষা প্রতিষ্ঠান ভবন পায়নি এবার তাদের ভবণ দেয়া হবে। পাশাপাশি রেজাল্ট ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভবন দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানে রেজাল্ট খারাপ করবে , সেসব প্রতিষ্ঠান ভবন পাবে না। কোন সুযোগ-সুবিধা পাবে না। 

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় এমপি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের আমলে সাদা কাগজ জমা দিলে জিপিএ-৫ এবং কিছু লিখে জমা দিলে গোল্ডেন-৫ পাওয়া যেতো। সেসব দিন আর নেই। বিএনপির আমলে ভালোভাবে লেখাপড়া করলেই  শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে, নইলে নয়। তিনি বলেন, এমন দিন আসবে যখন আওয়ামী লীগের 
আমলে এভাবে জিপিএ-৫ এবং গোল্ডেন-৫ পাওয়া শিক্ষার্থীরা কোন চাকরি পাবে না। বিএনপির 
আমলে ভালোভাবে লেখাপড়া করা শিক্ষার্থীরাই চাকরি পাবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft