বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
সন্তানের স্বীকৃতি ও ভরণপোষণ চান অসহায় হীরা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ৪)
কোলের শিশুটির বয়স মাত্র তিন মাস। পৃথিবীতে আসার পর থেকেই বাবার পরিচয় ও স্বীকৃতি থেকে বঞ্চিত ছোট্ট রাফিয়া। মায়ের কোলে বেড়ে উঠছে সে। কিন্তু শিশুটির খাবার, চিকিৎসা ও প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন মা হীরা খাতুন (৪৩)। স্বামীর বিরুদ্ধে বিয়ে ও সন্তান অস্বীকারের অভিযোগ তুলে সন্তানের পিতৃপরিচয়, ভরণপোষণ ও ন্যায়বিচারের পাশাপাশি মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।

বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামের একটি জরাজীর্ণ ঘরে বৃদ্ধা মা, অসুস্থ ও প্রতিবন্ধী বড় ভাই, ভাবি এবং তিন মাসের শিশুকন্যাকে নিয়ে বসবাস করছেন হীরা খাতুন। ঘরের অবস্থা এতটাই নাজুক যে খাটে শুয়ে আকাশ দেখা যায়। বৃষ্টি হলে ঘরে পানি পড়ে। শীত ও বর্ষায় নিরাপদে বসবাস করাও কঠিন হয়ে পড়ে পরিবারটির জন্য।

হীরার বাবা মৃত হেকমত আলী পাইক। ৭০ বছর বয়সী মা সালেহা বেগমের বয়স্ক ভাতা এবং অসুস্থ ও প্রতিবন্ধী বড় ভাইয়ের প্রতিবন্ধী ভাতাই পরিবারটির অন্যতম অবলম্বন। পরিবারের অন্য সদস্যদের সামান্য আয়েও সংসার চলে না। বৃদ্ধা মা মানুষের বাড়িতে কাজ করেন। পাশাপাশি প্রতিবেশীদের সহযোগিতায় কোনো রকমে দিন কাটছে তাদের। কখনো কখনো খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়ে।

হীরা খাতুন জানান, ২০২৩ সালে একই গ্রামের শেখ আলমগীর কবিরের সঙ্গে তাঁর বিয়ে হয়। বাগেরহাট শহরের মিঠাপুকুরপাড় এলাকায় আলমগীরের এক বন্ধুর বাসায় তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে তারা খুলনায় বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করেন। সেখানে একটি খাবারের হোটেলে কাজ করে সংসারের খরচ চালাতেন তিনি।

হীরা বলেন, প্রায় তিন বছর একসঙ্গে সংসার করার পর তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা হলে আলমগীর তাঁকে রেখে চলে যান। যাওয়ার সময় বিয়ের কাগজপত্রও সঙ্গে নিয়ে যান। পরে অনেকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। টাকা পাঠানোর আশ্বাস দিলেও কোনো অর্থ সহায়তা করেননি। সন্তান জন্মের পরও শিশুটিকে নিজের বলে স্বীকার করছেন না বলে অভিযোগ তাঁর।

তিনি আরও বলেন, “আমি চাই, সে আমার সন্তানকে নিজের পরিচয় দিক এবং তার ভরণপোষণের দায়িত্ব নিক। আমার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চিকিৎসা করিয়েছি। সন্তানকে নিয়ে বাড়ি ফিরেছি। এই শিশুর খাবার ও ভবিষ্যতের দায়িত্ব আমি একা কীভাবে পালন করব?”

হীরার দাবি, আলমগীরের আগেও স্ত্রী ও সন্তান রয়েছে। এ ছাড়া তিনি আরও বিয়ে করেছেন বলে স্থানীয়দের কাছে শুনেছেন। অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ, আলমগীরের পরিবারের পক্ষ থেকে হীরাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

হীরার মা সালেহা বেগম বলেন, “আমার মেয়ে খুব অসহায়। মেয়েকে ফেলে রেখে গেছে, এখন এই ছোট বাচ্চাটাকেও দেখার কেউ নেই। বাচ্চাটাকে মানুষের কাছে চেয়ে-চিন্তে খাওয়াই। আমার স্বামী বেঁচে নেই। বয়স হয়েছে, আগের মতো কাজও করতে পারি না। গ্রামের মানুষ সাহায্য না করলে আমাদের না খেয়ে থাকতে হতো।”

তিনি আরও বলেন, “আমাদের থাকার ঘরটাও ভাঙাচোরা। খাটে শুয়ে আকাশ দেখা যায়। আমি চাই, আলমগীর এই বাচ্চার খাওয়াপড়া ও ভরণপোষণের দায়িত্ব নিক। আমি আর কত দিন বাঁচব, জানি না। আমার মৃত্যুর পর এই বাচ্চাটার কী হবে?”

স্থানীয় বাসিন্দা শেখ মাসুম বলেন, আলমগীরের সঙ্গে হীরার বিয়ে হয়েছে বলে এলাকার লোকজন জানেন। তারা খুলনায় একসঙ্গে বসবাস করতেন। হীরা খাবারের হোটেলে কাজ করে মাসে প্রায় সাত হাজার টাকা আয় করতেন। অন্তঃসত্ত্বা হওয়ার পর আলমগীর সন্তানকে নিজের বলে অস্বীকার করতে শুরু করেন বলে তাঁর অভিযোগ।

শেখ মাসুম আরও বলেন, এলাকার লোকজন চাঁদা তুলে হীরাকে মামলা করতে সহায়তা করেছেন। প্রায় ছয় মাস আগে মামলা হলেও এখনো তদন্তের অগ্রগতি সম্পর্কে তাঁরা কিছু জানতে পারেননি। তিনি বলেন, প্রয়োজনে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির পিতৃত্ব নিশ্চিত করা হোক।

হীরার মেজো ভাই জাহাঙ্গীর পাইক বলেন, তাঁর বোন দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় রয়েছেন। মায়ের পক্ষে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে সংসার চালানোও কঠিন। বোনের সন্তান জন্মের সময় অস্ত্রোপচারসহ চিকিৎসার খরচ এবং হাসপাতাল থেকে বাড়িতে আনার ব্যয় মেটাতে স্থানীয় লোকজনসহ পরিবারের সদস্যরা সহযোগিতা করেছেন।

এদিকে হীরা খাতুনের স্বামী শেখ আলমগীর কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হীরা খাতুন ও তাঁর সন্তানকে অস্বীকার করেন।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ তাঁদের কাছে আসেনি। মামলার কাগজপত্রও তাঁরা হাতে পাননি। অভিযোগ বা মামলার কাগজপত্র পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জরাজীর্ণ ঘরে অভাব-অনটনের মধ্যে দিন কাটানো হীরা খাতুন এখন সমাজের সামর্থ্যবান মানুষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। তাঁর দাবি, শিশুকন্যা রাফিয়ার খাবার, চিকিৎসা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাই এগিয়ে আসুক। একই সঙ্গে সন্তানের পিতৃপরিচয়, ভরণপোষণ ও নিজের প্রতি হওয়া অন্যায়ের ন্যায়বিচার চান তিনি। ছোট্ট রাফিয়া যেন প্রাপ্য অধিকার নিয়ে বেড়ে উঠতে পারে, এটাই এখন অসহায় মায়ের একমাত্র প্রত্যাশা।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft