বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
নবীনগরে সেতুর অপেক্ষায় লাখো মানুষ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:১১ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ৫:১২ পিএম  (ভিজিট : ৮)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুড়ি নদীর ওপর নির্মাণাধীন ২৫০ মিটার দীর্ঘ সেতুর কাজ দীর্ঘদিন ধরে থমকে রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার প্রায় ছয় লাখ মানুষ। সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার হতে হচ্ছে দুই পাড়ের বাসিন্দাদের।

তিতাস নদীর শাখা বুড়ি নদী ভৌগোলিকভাবে নবীনগর উপজেলাকে দুই ভাগে বিভক্ত করেছে। ফলে উপজেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাউর-ফতেহপুর, জিনদপুর ও সাতমোড়া ইউনিয়নের সঙ্গে পূর্বাঞ্চলের বিটঘর, কাইতলা, শিবপুর, বিদ্যাকুট ও নাটঘর ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এসব এলাকার মানুষকে জেলা সদরে যাতায়াত করতে অতিরিক্ত প্রায় ২০ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়।

স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে বিটঘর-বটতলী সড়কের রাধানগর অংশে বুড়ি নদীর ওপর ২৫০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। অনুমোদন ও দরপত্র প্রক্রিয়া শেষে সেতুর নির্মাণকাজও শুরু হয়েছিল। পাশাপাশি সেতুর দুই প্রান্তে প্রায় চার কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ ও কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করা হয়। কিন্তু মাঝনদীতে সেতুর নির্মাণকাজ অসমাপ্ত থাকায় পুরো প্রকল্পের সুফল পাচ্ছেন না এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, নকশাগত জটিলতা ও সেতুর উচ্চতা নির্ধারণে ভুল পরিকল্পনার কারণে নির্মাণকাজ থমকে রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় গুরুত্বপূর্ণ এ প্রকল্পের কাজ দীর্ঘসূত্রতায় পড়েছে। ফলে সেতু নির্মাণের আশায় থাকা মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

সেতুর অভাবে স্থানীয়দের চিকিৎসাসেবা গ্রহণেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি রোগী পরিবহনে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে। পাশাপাশি ব্যবসায়ী ও কৃষকেরা উৎপাদিত পণ্য দ্রুত বাজারজাত করতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকেও প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, নবীনগরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবে দ্রুত সেতুটির নির্মাণকাজ পুনরায় শুরু করতে হবে। এ জন্য তারা নবীনগরের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানের দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সঙ্গে প্রশাসনিক ও কারিগরি জটিলতা নিরসন করে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মতে, বুড়ি নদীর ওপর সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হলে নবীনগরের দুই অঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। পাশাপাশি পার্শ্ববর্তী কুমিল্লার মুরাদনগর ও বাঙ্গরা এলাকার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের যোগাযোগ ব্যবস্থায়ও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। তাই ছয় লাখ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সেতুটির নির্মাণকাজ দ্রুত শেষ করা এখন সময়ের দাবি।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft