পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখলের মন্তব্যের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা তরুণ প্রজন্ম ও ছাত্রদের আন্দোলনে ভারতে পালিয়ে গিয়েও অগ্নিসন্ত্রাসে উসকানি দিচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ক্ষমতার লোভে অগ্নিসন্ত্রাস করে, জ্বালাও-পোড়াও করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে। গোপালগঞ্জের সাধারণ মানুষ জ্বালাও পোড়াও পছন্দ করে না। সেখানে পলাতক ফ্যাসিবাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা করছে। সরকার সব অপরাধ আমলে নিচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।
অগ্নিসন্ত্রাসকে আওয়ামী লীগের মূল চরিত্র আখ্যা দিয়ে মো. আসাদুজ্জামান আরও বলেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার কোনো ভুল করেনি, তা তারা নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমেই প্রমাণ করেছে।
মন্ত্রী বলেন, সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মুসলিম উত্তরাধিকার আইন সংশোধন হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উত্তরাধিকার আইন সংশোধন হবে না।
ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ বীর শহীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামানের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ ও শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।
আজকালের খবর/বিএস