বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
আধুনিকতার ছোঁয়ায় ম্লান বাঁশ-বেতের ঐতিহ্য
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:০০ পিএম   (ভিজিট : ৫)
কালের বিবর্তন, আধুনিকতার ছোঁয়া এবং প্লাস্টিকজাত পণ্যের ব্যাপক ব্যবহারে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাঁশ ও বেত শিল্প। একসময় গ্রামীণ জনপদের মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল বাঁশ ও বেতের তৈরি নানা সামগ্রী। কিন্তু সময়ের পরিবর্তনে এ শিল্পের কদর কমে যাওয়ায় পেশা পরিবর্তন করছেন সংশ্লিষ্ট কারিগররা।

একসময় গ্রামবাংলার প্রতিটি জনপদেই ছিল বাঁশঝাড় ও বেতবন। বাড়ির আশপাশের বাঁশঝাড় থেকে বাঁশ সংগ্রহ করে গৃহিণী ও কারিগররা তৈরি করতেন নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রী। এসব পণ্য তৈরি ও বিক্রি করেই জীবিকা নির্বাহ করতেন অসংখ্য মানুষ। বিশেষ করে দরিদ্র পরিবারের অনেকের উপার্জনের অন্যতম অবলম্বন ছিল এই হস্তশিল্প।

বাঁশ ও বেত দিয়ে তৈরি হতো চেয়ার, টেবিল, মোড়া, কুলা, ঝুড়ি, ডোল, চাটাই, বইয়ের তাক, মাছ ধরার পলো, হাঁস-মুরগির খাঁচা ও শিশুদের দোলনাসহ বিভিন্ন ব্যবহার্য সামগ্রী। একসময় সাতক্ষীরা জেলার বিভিন্ন ইউনিয়নে তৈরি এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো।

বর্তমানে গ্রামীণ মেলা ও উৎসবেও বাঁশ-বেতের তৈরি খোল, চাটাই, খালুই, ধামা, দোয়াড়, আড়ি, টোনা, হাপটা ও মোড়ার মতো ঐতিহ্যবাহী সামগ্রী খুব একটা চোখে পড়ে না। আধুনিক জীবনযাত্রার প্রভাবে এসব পণ্যের ব্যবহার কমে গেছে। বিশেষ করে প্লাস্টিক ও অন্যান্য কৃত্রিম উপকরণে তৈরি পণ্য বাঁশ-বেতের সামগ্রীর জায়গা দখল করে নিয়েছে।

এদিকে বাঁশ ও বেতের উৎপাদন কমে যাওয়ায় কাঁচামালের দামও বেড়েছে। ফলে এসব সামগ্রী তৈরির উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। সৌখিন ক্রেতারা বেশি দাম দিয়ে ঐতিহ্যবাহী পণ্য কিনলেও সাধারণ ব্যবহারকারীদের মধ্যে এ ধরনের পণ্য কেনার আগ্রহ তুলনামূলক কম। অন্যদিকে স্বল্প পুঁজির কারিগরদের অনেকেই ঋণ নিয়ে পণ্য তৈরি করেও কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না। ফলে বাপ-দাদার ঐতিহ্যবাহী পেশা ছেড়ে অন্য পেশায় ঝুঁকছেন তারা।

সংশ্লিষ্টদের মতে, গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন। কারিগরদের সহজ শর্তে ঋণ, আর্থিক সহায়তা, প্রশিক্ষণ এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের ব্যবস্থা করা গেলে এ শিল্পের সঙ্গে জড়িত মানুষের জীবন-জীবিকা রক্ষা করা সম্ভব।

বাঁশ ও বেতের হস্তশিল্প শুধু জীবিকা নির্বাহের মাধ্যম নয়, এটি গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিরও অংশ। যথাযথ পৃষ্ঠপোষকতা ও কার্যকর উদ্যোগের অভাবে এই শিল্প হারিয়ে গেলে বিলুপ্ত হবে বাংলার লোকজ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই ঐতিহ্যবাহী বাঁশ ও বেত শিল্প রক্ষায় এখনই প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft