গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বুধবার (২৫ নভেম্বর)সন্ধ্যা হতে হঠাৎ করেই বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং সেবার অ্যাপের মাধ্যমে লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। কোনো পূর্বঘোষণা ছাড়াই এ সেবা বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন আর্থিক লেনদেন করতে গিয়ে বিপাকে পড়েছেন হাজার হাজার গ্রাহক।
জানা গেছে, হঠাৎ করে বিকাশ ও নগদ অ্যাপের মাধ্যমে টাকা পাঠানো, ক্যাশ আউটসহ বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। এতে ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।
বিশেষ করে জরুরি প্রয়োজনে টাকা পাঠানো, টাকা গ্রহণ, ব্যবসায়িক লেনদেন এবং বিভিন্ন বিল পরিশোধ করতে না পেরে বিপাকে পড়ছেন গ্রাহকরা। অনেকেই প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করতে না পেরে বিকল্প ব্যবস্থার সন্ধান করছেন।
তবে কী কারণে হঠাৎ করে বিকাশ ও নগদ অ্যাপের মাধ্যমে লেনদেন বন্ধ রয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি। ফলে গ্রাহকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও নানা প্রশ্ন।
ভুক্তভোগী গ্রাহকদের দাবি, এ ধরনের গুরুত্বপূর্ণ আর্থিক সেবা বন্ধ রাখার প্রয়োজন হলে আগে থেকেই গ্রাহকদের অবহিত করা উচিত। পাশাপাশি দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক লেনদেন ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন তাঁরা।
উপজেলার সদরের বিকাশ নগদের এজেন্ট ব্যবসায়ী সাব্বির হোসেন,মনোজ বিশ্বাস,এইচ এম আওলাদ,আলাউদ্দিন শেখ ও মহানন্দ বিশ্বাস জানান গতকাল বুধবার রাত থেকে বিকাশ নগদে কোন ধরনের লেনদেন করা যাচ্ছেনা।ফলে শত শত গ্রাহক তাদের ছেলে মেয়েদের জন্য পড়ালেখার খরচ,নিত্যপ্রয়োজনীয় পন্য ক্রয়ের বিল পরিশোদসহ বিভিন্ন ধরণের পরিসেবার বিল ও ব্যবসায়ীক কোন লেনদেন করতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
আজকালের খবর/ এমকে