
রংপুর নগরীতে একই দিনে পৃথক স্থানে দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ও দুপুরে ঘটে যাওয়া এসব ঘটনায় বাস দুটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে বাস দুটিতে কোনো যাত্রী বা কর্মী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে মালিকপক্ষের অভিযোগ। অপর বাসটির আগুনের কারণ নিয়ে পুলিশ ও মালিকপক্ষের মধ্যে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বুধবার ভোর ৪টার দিকে নগরীর পর্যটন মোটেলের বিপরীতে। সেখানে শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত লুমিনাস ক্যাডেট কোচিংয়ের একটি বাস (রংপুর মেট্রো-জ-১১-০০০১) প্রতিষ্ঠানের পাশে সড়কের ধারে রাখা ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে।
পাশের সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনের শিক্ষার্থীরা আগুন দেখতে পেয়ে মাদ্রাসার শিক্ষক এনামুল কবিরকে জানান। পরে তিনি কোচিং সেন্টারের পরিচালককে ফোন করে বিষয়টি অবহিত করেন। পাশাপাশি পাশের টাটা শোরুমের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
লুমিনাস ক্যাডেট কোচিংয়ের পরিচালক নাহিদুজ্জামান ইকবাল মাছুম বলেন, ছোট পরিসরে কোচিং সেন্টার পরিচালনা করেন তিনি। ২৮ আসনের বাসটি ডাউন পেমেন্টে কিনে কিস্তিতে টাকা পরিশোধ করছিলেন। বাসটি পুড়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানান তিনি।
মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। আগুনের ঘটনায় কারা জড়িত, তা অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
দুপুরে আরেক বাসে আগুন
এদিকে একই দিন বেলা আড়াইটার দিকে নগরীর বাস টার্মিনালসংলগ্ন মৎস্য আড়ত এলাকায় হৃদয়-তাহসিন পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি মৎস্য আড়ত এলাকার একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা হয়েছিল। সকালে বাসটির ওয়েল্ডিংয়ের কাজ করা হয়। দুপুরে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাসটি রক্ষা করা সম্ভব হয়নি।
বাসের মালিক হৃদয় আহমেদ বলেন, মৎস্য আড়তসংলগ্ন এলাকায় তাঁদের গ্যারেজ রয়েছে। সেখানে বাসটির মেরামতের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে ওয়েল্ডিংয়ের কাজ শেষ হয়। তাঁর ধারণা, বাসটি ফাঁকা পেয়ে দুর্বৃত্তরা আগুন দিয়ে থাকতে পারে। এ ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী ঘটনাটিকে নাশকতা বলে দাবি করেন। তাঁর যুক্তি, সকালে ওয়েল্ডিংয়ের কাজ শেষ হওয়ার পর দুপুরে আগুন লাগার ঘটনা ঘটেছে। তাই এটি ওয়েল্ডিং থেকে সৃষ্ট আগুন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তবে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আরেফিন হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের কাজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাসে আগুনের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
এদিকে পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর যুবদল।
নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউন হলের উন্মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ মুরাদসহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিভিন্ন ষড়যন্ত্রকারী গোষ্ঠী দেশের স্থিতিশীলতা নষ্ট করতে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। বাসে অগ্নিসংযোগ, থানা ভাঙচুর ও অস্ত্র লুটের মতো ঘটনার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে তাঁরা দাবি করেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
একই দিনে দুটি বাস পুড়ে যাওয়ার ঘটনায় নগরীতে উদ্বেগ তৈরি হয়েছে। তবে দুটি অগ্নিকাণ্ডের কোনোটিই নাশকতা কি না, তা এখনো নিশ্চিত হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব