
‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির সভাপতি জাকির মুন্সী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।
ক্ষেতলাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক নাফেউল হাদী মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, সিভিল সার্জন ডা. আল মামুন, ডা. জাকারিয়া জালাল, ডা. নুর আলম সিদ্দিক, ডা. মোরশেদ খাতুন স্বপ্না, ডা. আতিকুর রহমান আতিক, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান এবং পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম।
আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং এ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সচেতন জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে আয়োজিত বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষার ক্যাম্পেইনে প্রায় ৩০০ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব