শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
পঞ্চগড়ে ৫ কিলোমিটার ম্যারাথনে দৌড়ালেন পানি সম্পদ প্রতিমন্ত্রী
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ০)
ডায়াবেটিস এখন শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, এটি প্রতিটি পরিবারের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। তিনি বলেন, এ রোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় হাসপাতালভিত্তিক চিকিৎসার পাশাপাশি সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততামূলক কর্মসূচি বাড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি থেকে মানুষকে সুরক্ষিত রাখা সম্ভব।

শনিবার (১৪ নভেম্বর) সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পঞ্চগড়ে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে এ ম্যারাথনের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৮টায় প্রতিমন্ত্রী ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করেন। পরে দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে প্রায় পাঁচ কিলোমিটার দৌড়ে অংশ নেন তিনি। দৌড় শেষে একই স্থানে এসে ম্যারাথনের সমাপ্তি ঘটে। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এবং শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft