শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
ডিমলায় সড়কে বড় গর্ত, পানিতে ডুবে জনদুর্ভোগ
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম   (ভিজিট : ০)
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের বিজির বাজার এলাকায় সৈকত পাড়া গ্রামের সড়কে বক্স কালভার্ট নির্মাণকাজ শুরু করেও শেষ করেননি ঠিকাদার। নির্ধারিত সময় পেরিয়ে প্রায় ১৮ মাস অতিবাহিত হলেও কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সড়কের মাঝখানে সৃষ্টি হওয়া বড় গর্তে পানি জমে পুকুরের মতো জলাশয়ের সৃষ্টি হয়েছে। এতে কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের উদ্যোগে ৯ দশমিক ৯৬ মিটার দৈর্ঘ্যের বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩১ লাখ ৫৫ হাজার ৬৪০ টাকা এবং চুক্তিমূল্য ২৯ লাখ ৭৯ হাজার ৮৬০ টাকা। নীলফামারী সদরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শিরিন সুলতানা কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায়। ২০২৪ সালের ৬ জুন নির্মাণকাজ শুরু হয়ে ২০২৫ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল।

সরেজমিনে দেখা যায়, কালভার্টের নিচের অংশ ও দুই পাশের কিছু কাজ সম্পন্ন হলেও ওপরের অংশের নির্মাণকাজ অসমাপ্ত রয়েছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় সড়কের ভাঙা অংশে পানি জমে চলাচলের অনুপযোগী পরিবেশ তৈরি হয়েছে। ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, কৃষিপণ্য পরিবহনসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন ও অটোভ্যানচালক আনোয়ার হোসেন দ্রুত কালভার্টটির নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, সড়কের ভাঙা অংশ পার হতে গিয়ে প্রায়ই যানবাহনের ক্ষতি হচ্ছে। পাশাপাশি যাত্রীদেরও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল আলম জানান, প্রকল্পটির কাজের অগ্রগতি ৫৫ শতাংশ। ঠিকাদারকে দ্রুত নির্মাণকাজ শেষ করার নির্দেশনা দেওয়া হবে। প্রয়োজনে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি নান্টু দাবি করেন, কাজের বিপরীতে তাঁরা এখনো কোনো বিল পাননি। শুষ্ক মৌসুমে অর্থের ব্যবস্থা হলে নির্মাণকাজ শেষ করবেন। তবে পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পটির বিপরীতে ঠিকাদার ইতিমধ্যে ৯ লাখ ৮১ হাজার ৫০০ টাকা বিল উত্তোলন করেছেন।

ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোহিদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ে কালভার্টের কাজ শেষ না হওয়ায় এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft