নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অভিনব পদ্ধতিতে উপজেলা প্রশাসন সনাক্ত করেছে ১৪৭২ মৃত ভাতাভোগী ব্যক্তিকে। সামাজিক নিরাপত্তা বেষ্টুনি প্রতিবন্ধী, বিধবা ও স্বামী নিগৃহীতা, বয়স্ক ভাতাভোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে লাইভভেরিফিকেশনের মাধ্যমে মৃত্যু ভাতাভোগীদের সনাক্ত করা হয়। ফলে মৃত ভাতাভোগীদের স্থানে নতুন করে উপকারভোগী হচ্ছে আরও ১৪৭২ হতদরিদ্র ব্যক্তি। অভিনব পদ্ধতিতে সরকারি অর্থের অপচয়রোধ এবং প্রকৃত উপকারভোগীদের অধিকার নিশ্চিত করায় প্রশংসায় ভাসছে উপজেলা প্রশাসন।
উপজেলা সমাজসেবা অফিস সূত্র জানায়, উপজেলায় মোট প্রতিবন্ধী ৭৬০০, বিধবা ৭৩১৮ ও বয়স্ক ১৪৭১৮ জন হতদরিদ্র ভাতাভোগী রয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের উদ্যোগে বাড়িতে বাড়িতে গিয়ে লাইভভেরিফিকেশন করে ১৪৭২ মৃত ভাতাভোগী সনাক্ত করা হয়। লাইভভেরিফিকেশন শেষে মৃত ভাতাভোগীর তালিকা ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউপি হিসাব রক্ষক, ইউনিয়ন সমাজকর্মী ও উদ্যোক্তার স্বাক্ষরিত তালিকা উপজেলা প্রশাসন পায়। পরবর্তীতে অধিকতর যাচাই বাছাই শেষে প্রতিস্থাপনের জন্য তালিকা ইউনিয়ন কমিটির কাছে ৩ বার পত্র মারফৎ চাওয়া হলেও তা পাওয়া যায়নি।
অন্যদিকে জেলা প্রশাসককে ১৪৭২ মৃত ভাতাভোগী সনাক্তের বিষয়টি পত্র দিয়ে অবগত করা হলে জেলা প্রশাসকের কার্যালয় হতে নীতিমালার আলোকে তালিকাসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর পত্র প্রেরণ করে। অপরদিকে উপজেলা ভাতা বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত মোতাবেক মৃত ভাতাভোগীদের ভাতা বন্ধ ও ২০২৬-২০২৭ অর্থবছরে ১ম কিস্তির পে-রোল প্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি পাওয়াসহ সরকারি টাকা অপচয় রোধ হয়েছে এবং প্রকৃত উপকারভোগীরা এ অর্থ পাবে।
খোঁজ নিয়ে জানা যায়, মাইকিং করে প্রচারের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের নিকট আবেদন আহবান করা হয়। এছাড়া আবেদন গ্রহণ ও বাস্তবায়নে “সরকারি সেবা গ্রহণ করি, দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পরিবেশ গড়ি” স্লোগানে করা হয় এটি দেশের মধ্যে ব্যতিক্রমধর্মী একটি ভাতা মেলা করা হয়। উক্ত মেলায় সরাসরি হতদরিদ্র বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীরা আবেদন করেন। তাদের এবং আগের অপেক্ষমান আবেদন হতে সনাক্তকৃত মৃত ভাতাভোগীদের স্থানে প্রতিস্থাপন করা হবে বলে জানা গেছে। ফলে মৃত ভাতাভোগীদের স্থানে নতুন করে যুক্ত হচ্ছে ১৪৭২ উপকারভোগী।
সচেতন মহল, প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সরকারি অপচয়রোধ ও প্রকৃত উপকারভোগীদের হাতে ভাতা নিশ্চিতে এ উদ্যোগ অত্যন্ত সমযোপযোগি।
উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম বলেন এটি একটি নি:সন্দেহে ভাল কাজ। তাই উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। এতে করে দালালদের খপ্পর থেকে ভাতা আবেদনকারী ব্যক্তিরা রেহাই পেয়েছে। উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ বলেন, মৃত্যু ভাতাভোগী সনাক্ত করে ওই স্থানে নতুন ভাবে প্রতিস্থাপন একটি ভাল উদ্যোগ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন বলেন, সরকারী এ কর্মসূচি ও সহায়তা যেন কোনোভাবেই অপব্যবহার বা অনিয়মের শিকার না হয়, সে লক্ষ্যেই আমরা আন্তরিকতার সাথে এ কাজটি করেছি। ডোর-টু-ডোর যাচাই কার্যক্রমে মৃত্যু ভাতাভোগী সনাক্ত করে নতুন উপকারভোগী প্রতিস্থাপনে কাজ করা হচ্ছে। এ কার্যক্রমটি ভবিষ্যতে ভাতা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, মৃত ভাতাভোগী বাছাইয়ে ডোর টু ডোর কাজ করে এ মৃত্যু ভাতাভোগীদের সনাক্ত করা হয়েছে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। শুধু স্থানীয় পর্যায়েই নয়, দেশব্যাপি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে আমাদের উদ্যোগটি আলোড়ন সৃষ্টি করেছে। প্রকৃত দুস্থ ও অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে এ সুবিধা পৌছে দেয়াই আমাদের মূল লক্ষ্য।
আজকালের খবর/রাশেদুল মিলন