বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
ডিমলায় ড্রাগন চাষে কৃষি অর্থনীতির নতুন সম্ভাবনা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ০)
একই জমিতে আনারসের পাশাপাশি ড্রাগন ফল চাষ করে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামের উদ্যোক্তা শরিফুল ইসলাম ডলার। মিশ্র ফসল চাষের এ উদ্যোগে একদিকে যেমন বাড়ছে জমির ব্যবহার, অন্যদিকে তৈরি হয়েছে বাড়তি আয়ের সম্ভাবনা। তাঁর বাগানে বাণিজ্যিকভাবে উৎপাদিত ড্রাগন ফল স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে রংপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

বাগান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক একর জমিতে গড়ে তোলা বাগানটিতে আনারসের পাশাপাশি রয়েছে প্রায় ২০০টি ড্রাগন গাছ। প্রতিটি গাছে গড়ে ৬ থেকে ৮ কেজি পর্যন্ত ফলন হচ্ছে। ভরা মৌসুমে প্রতিদিন প্রায় ৬০ থেকে ১০০ কেজি ড্রাগন ফল সংগ্রহ করছেন উদ্যোক্তা শরিফুল ইসলাম ডলার।

বাগানজুড়ে সারিবদ্ধ গাছে ঝুলছে লাল ও গোলাপি রঙের পাকা ড্রাগন ফল। বর্তমানে স্থানীয় পাইকারি বাজারে প্রতি কেজি ড্রাগন ফল বিক্রি হচ্ছে প্রায় ১৫০ টাকা দরে। বাগান থেকে সরাসরি তাজা ফল সংগ্রহের সুযোগ থাকায় স্থানীয় ক্রেতা ও পাইকারি ব্যবসায়ীদের আগ্রহও বাড়ছে।

বাগান মালিক শরিফুল ইসলাম ডলার বলেন, এখানকার মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের জন্য বেশ উপযোগী। শুরু থেকেই সুষম সার প্রয়োগ, প্রয়োজনমতো সেচ এবং আধুনিক পদ্ধতিতে গাছের পরিচর্যা করা হয়েছে। নিয়মিত যত্ন ও তদারকির ফলে এবার আশাতীত ফলন পাওয়া গেছে। বেশি ফলনের পাশাপাশি নিরাপদ ও মানসম্মত ফল উৎপাদনেও গুরুত্ব দিচ্ছেন তিনি।

স্থানীয় বাসিন্দা সফিয়ার রহমান বলেন, বাজার থেকে ফল কেনার সময় অনেক ক্ষেত্রে তা কতটা তাজা ও নিরাপদ, তা নিয়ে সংশয় থাকে। এ বাগানে গাছ থেকে সরাসরি ফল সংগ্রহ করে কেনার সুযোগ রয়েছে। ফলগুলো আকারে বড়, মিষ্টি ও রসালো হওয়ায় তিনি বাগান থেকেই ড্রাগন ফল কিনেছেন।

ডিমলার ফলের পাইকারি ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, সুন্দরখাতার ড্রাগন ফলের আকার, স্বাদ ও গুণগত মান ভালো। এ কারণে বাজারে এর চাহিদা রয়েছে। বাগান থেকে সরাসরি তাজা ফল সংগ্রহ করা যায় বলে ডিমলা বাজারেও বিক্রি ভালো হচ্ছে।

এদিকে বাগানটি শুধু ফল উৎপাদনের ক্ষেত্রেই নয়, দর্শনার্থীদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে। ডিমলা সদর থেকে পরিবার নিয়ে বাগান দেখতে আসা অধ্যক্ষ আব্দুল কাদের বলেন, সারিবদ্ধ গাছে ঝুলে থাকা লাল-গোলাপি ড্রাগন ফল দেখতে বেশ আকর্ষণীয়। শিশুরাও বাগানে ঘুরে ফল দেখতে আনন্দ পাচ্ছে। ঘোরাঘুরির পাশাপাশি সরাসরি ফল কেনার সুযোগ থাকায় দর্শনার্থীদের আগ্রহ বাড়ছে।

ড্রাগন চাষে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে উপজেলা কৃষি বিভাগ। মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা বাগান পরিদর্শন করে গাছের পুষ্টি ব্যবস্থাপনা, রোগবালাই দমন, সুষম সার প্রয়োগ, সেচ ও আধুনিক পরিচর্যা বিষয়ে পরামর্শ দিচ্ছেন।

বালাপাড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শওকত রেজা বলেন, ড্রাগন চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে আধুনিক চাষাবাদ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও রোগবালাই প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক পরিচর্যা ও প্রযুক্তিগত সহায়তার ফলে কৃষকেরা কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, ডিমলায় ড্রাগন চাষে উদ্যোক্তাদের আগ্রহ বাড়ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা দেওয়া হচ্ছে। নতুন উদ্যোক্তারা বাণিজ্যিকভাবে ড্রাগন চাষে এগিয়ে এলে ভবিষ্যতে ডিমলা ড্রাগন ফল উৎপাদনের একটি সম্ভাবনাময় এলাকায় পরিণত হতে পারে।

নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মন্ডল বলেন, প্রযুক্তিগত সহায়তা, উদ্যোক্তাদের আগ্রহ এবং অনুকূল মাটি ও আবহাওয়ার সুবিধা কাজে লাগিয়ে ডিমলায় ড্রাগন চাষ আরও সম্প্রসারণ করা সম্ভব। এতে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি এলাকার কৃষি অর্থনীতিতেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আনারসের সঙ্গে ড্রাগন ফল মিশ্র ফসল হিসেবে চাষের মাধ্যমে একই জমি থেকে একাধিক ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। সঠিক জাত নির্বাচন, আধুনিক পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ ও পরিকল্পিত বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে ডিমলায় ড্রাগন চাষ কৃষকদের জন্য লাভজনক বাণিজ্যিক উদ্যোগ হিসেবে আরও সম্প্রসারিত হতে পারে।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft